কাতারের উপকূলে একটি সামরিক হেলিকপ্টার দুর্ঘটনায় সাতজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে চারজন কাতার সশস্ত্র বাহিনীর সদস্য এবং তিনজন তুরস্কের নাগরিক রয়েছে।
রবিবার (২২ মার্চ) তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছে।
তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্যমতে, নিহতদের মধ্যে একজন তুর্কি সেনাসদস্য। আর দুজন তুরস্কের প্রতিরক্ষা সরঞ্জাম নির্মাতা প্রতিষ্ঠান অ্যাসেলসানের নিরাপত্তা কর্মী। দুর্ঘটনায় নিহত বাকি চারজন কাতার সশস্ত্র বাহিনীর সদস্য।
তুরস্ক আরও জানিয়েছে, কাতার এ দুর্ঘটনা তদন্ত করছে এবং এর মাধ্যমে দুর্ঘটনার প্রকৃত কারণ জানা যাবে।
রবিবার ভোরে কাতার জানিয়েছিল, নিয়মিত দায়িত্ব পালন করতে গিয়ে যান্ত্রিক ত্রুটির কারণে তাদের একটি সামরিক হেলিকপ্টার দুর্ঘটনার কবলে পড়ে। এতে ছয়জন নিহত হয়। একজন নিখোঁজ রয়েছে। পরে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় একটি বিবৃতি নিহতদের নাম প্রকাশ করে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশ করা একটি বিবৃতিতে কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ‘সাতজন আরোহীর মধ্যে ছয়জনের মরদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে।’
পরবর্তীতে এক বিবৃতিতে কাতার নিশ্চিত করে, নিহতদের মধ্যে দুজন তুর্কি বেসামরিক নাগরিক এবং একজন তুর্কি সেনাসদস্য ছিলেন।
সূত্র: আল-জাজিরা


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









