বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

প্রকাশিত: ০২ এপ্রিল ২০২৬, ০৮:২০ এএম

আপডেট: ০২ এপ্রিল ২০২৬, ০৮:২২ এএম

ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

ইন্দোনেশিয়ার মোলুক্কা সাগরে ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। এতে একাধিক বাড়িঘর ভেঙে পড়েছে এবং অঞ্চলজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় আশপাশের দ্বীপগুলোতে সুনামি সতর্কতা জারি করা হয়েছে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) ভোর রাতে এই ভূমিকম্প অনুভূত হয়।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, স্থানীয় সময় সকাল ৬টা ৪৮ মিনিটে মাজু দ্বীপের কাছে টারনাটে থেকে প্রায় ১১৯ কিমি পশ্চিম-উত্তর-পশ্চিমে এবং ১০ কিলোমিটার গভীরে ভূমিকম্পটি আঘাত হানে।

প্যাসিফিক সুনামি ওয়ার্নিং সেন্টার হাওয়াই থেকে জানিয়েছে, কেন্দ্রস্থল থেকে ১,০০০ কিমি ব্যাসার্ধের মধ্যে সম্ভাব্য বিপজ্জনক সুনামি ঢেউ আসতে পারে। সতর্কতা জারি করা হয়েছে ইন্দোনেশিয়ার উপকূল ছাড়াও ফিলিপাইন ও মালয়েশিয়ার উপকূলে।

সামাজিক মাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা গেছে, উত্তর সুলাওয়েসি অঞ্চলে একটি ক্রীড়া ভবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ভূমিকম্পের সময় স্থানীয় স্কুলে পড়াশোনা শুরু হওয়ায় শিশুরা নিরাপদে বাইরে বেরিয়েছে। কম্পন কয়েক মুহূর্ত ধরে অনুভূত হয়েছে বলে স্থানীয়রা জানান।

ইন্দোনেশিয়া প্রশান্ত মহাসাগরের ‘রিং অফ ফায়ার’ অঞ্চলে অবস্থিত। এখানে টেকটোনিক প্লেটের নড়াচড়ার কারণে ঘন ঘন ভূমিকম্প ও আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত ঘটে।

গত কয়েক মাসে ইন্দোনেশিয়ায় একাধিক বড় ভূমিকম্প ঘটেছে। ২০২২ সালে পশ্চিম জাভার সিয়ানজুরে ৫.৬ মাত্রার ভূমিকম্পে অন্তত ৬০২ জন নিহত হন। ২০১৮ সালে সুলাওয়েসিতে ভূমিকম্প ও সুনামিতে ৪,৩০০-এর বেশি মানুষের মৃত্যু হয়েছিল। এছাড়া ২০০৪ সালে ভারত মহাসাগরে ৯.১ মাত্রার ভূমিকম্পে সৃষ্ট সুনামিতে ২ লাখ ৩০ হাজারের বেশি মানুষ নিহত হন, যাদের অধিকাংশই ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশের বাসিন্দা ছিলেন।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.