পবিত্র ঈদুল আজহার তারিখ ঘোষণা করেছে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ব্রুনাই, তুরস্ক ও তিউনিসিয়া। দেশগুলোতে ১৪৪৭ হিজরি সনের জিলহজ মাস আগামী ১৮ মে (সোমবার) থেকে শুরু হবে। সেই অনুযায়ী, আগামী ২৭ মে (বুধবার) পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে এসব দেশে। তবে ব্রুনাইয়ে ২৮ মে ঈদুল আজহা উদযাপিত হবে।
রবিবার (১৭ মে) দেশগুলোর সংশ্লিষ্ট কমিটি জিলহজ মাস শুরু ও পবিত্র ঈদুল আজহার তারিখ ঘোষণা করেছে।
ইন্দোনেশিয়ার ধর্ম মন্ত্রণালয় বলেছে, ১৪৪৭ হিজরি সনের জিলহজ মাস আগামী ১৮ মে (সোমবার) থেকে শুরু হবে। সেই অনুযায়ী, দেশটিতে আগামী ২৭ মে (বুধবার) পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।
মালয়েশিয়ার রাজা পরিষদের ভারপ্রাপ্ত সহকারী সচিব মুহাম্মদ আফেন্দি জালালুদ্দিন জাতীয় টেলিভিশনে সরাসরি সম্প্রচারে আনুষ্ঠানিকভাবে ঈদের তারিখ ঘোষণা দেন।
অন্যদিকে ব্রুনাই জানিয়েছে, দেশটিতে যিলহজের চাঁদ দেখা যায়নি। ফলে ১৮ মে যিলকদ মাসের শেষ দিন হিসেবে গণ্য হবে এবং ১৯ মে মঙ্গলবার থেকে যিলহজ মাস শুরু হবে। সে অনুযায়ী দেশটিতে ২৮ মে বৃহস্পতিবার ঈদুল আজহা উদযাপিত হবে।
তুরস্ক সরাসরি খালি চোখে চাঁদ দেখার পরিবর্তে আগে থেকে হিসাব করে রাখা ইসলামিক ক্যালেন্ডার ও জ্যোতির্বিজ্ঞানের ওপর ভিত্তি করে এই তারিখ নির্ধারণ করেছে।
শনিবার (১৬ মে) বিশ্বের প্রথম দেশ হিসেবে সবার আগে আনুষ্ঠানিকভাবে ঈদুল আজহার ঘোষণা দিয়েছে তিউনিসিয়া। দেশটি নিশ্চিত করেছে যে, ইসলামিক ক্যালেন্ডার অনুযায়ী ১৮ মে (সোমবার) জিলহজ মাস শুরু হবে। সেই হিসেবে আগামী ২৭ মে ঈদুল আজহা উদযাপিত হবে।
সূত্র: মালে মেইল, আনতারা, গালফ নিউজ


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









