রাজধানীতে ট্রাভেল এজেন্সি এবং হজ্ব ও উমরাহ ব্যবসার লাইসেন্স হস্তান্তরের নামে এক নারী উদ্যোক্তাকে প্রতারণা ও পরবর্তীতে চরিত্র হননমূলক অপপ্রচার চালানোর অভিযোগ উঠেছে ব্যবসায়ী আলহাজ ড. আব্দুল্লাহ আল নাসেরের বিরুদ্ধে।
ভুক্তভোগী নারী ব্যবসায়ী মারুফা ইয়াসমিন এই প্রতারণা ও হেনস্থার প্রতিকার চেয়ে এবং নিরাপত্তা নিশ্চিতে রাজধানীর পল্টন থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
ভুক্তভোগী মারুফা ইয়াসমিন দৈনিক এদিনকে জানান, তার ট্রাভেল ও হজ্ব-উমরাহ ব্যবসা পরিচালনার সুবিধার্থে আলহাজ ড. আব্দুল্লাহ আল নাসের নামে এক ট্রাভেল এজেন্সি ব্যবসায়ীর কাছ থেকে একটি লাইসেন্সের শতভাগ মালিকানা কেনার চুক্তি করেন। ৩০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে উভয় পক্ষের মধ্যে এই আইনি চুক্তিটি সম্পাদিত হয়। চুক্তি অনুযায়ী, লাইসেন্স বিক্রির নির্ধারিত সম্পূর্ণ মূল্য ড. আব্দুল্লাহ আল নাসেরকে বুঝিয়ে দেন মারুফা ইয়াসমিন।
তবে অভিযোগ উঠেছে, চুক্তির শর্ত মোতাবেক শতভাগ অর্থ বুঝে পাওয়ার পরও ড. আব্দুল্লাহ আল নাসের লাইসেন্সসহ সংশ্লিষ্ট আনুষঙ্গিক কাগজপত্র বুঝিয়ে না দিয়ে উল্টো চুক্তিগত বাধ্যবাধকতা ও আইনি দায়বদ্ধতা থেকে নিজেকে আড়াল করতে ভুক্তভোগীর বিরুদ্ধে মিথ্যা মনগড়া অভিযোগ ছড়াতে শুরু করেন।
জিডি ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, ড. আব্দুল্লাহ আল নাসের সৌদি আরবের বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসহ বাংলাদেশের শীর্ষস্থানীয় বেশ কয়েকটি প্রিন্ট মিডিয়া, অনলাইন নিউজ পোর্টালসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে মারুফা ইয়াসমিনের বিরুদ্ধে অত্যন্ত আপত্তিকর ও মানহানিকর অপপ্রচার চালাচ্ছেন। বিশেষ করে স্বাক্ষর ও সীলমোহর জাল করা এবং মানবপাচারের মতো স্পর্শকাতর ও জঘন্যতম ফৌজদারি অপরাধের সঙ্গে তাকে জড়ানোর অপচেষ্টা করা হচ্ছে বলে পল্টন থাকায় করা জিডিতে অভিযোগ করেছেন মারুফা ইয়াসমিন।
মারুফা ইয়াসমিন এসব অপপ্রচারের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে দৈনিক এদিনকে বলেন, ‘‘কোনো ব্যবসায়িক বা চুক্তিগত বিরোধ থাকলে তা নিষ্পত্তির জন্য দেশের প্রচলিত আইনি রয়েছে। কিন্তু আইনের পথ এড়িয়ে একজন নারী উদ্যোক্তাকে ব্যবসায়িকভাবে পঙ্গু করতে এবং তার দীর্ঘদিনের সামাজিক মর্যাদা নষ্ট করতে বিভিন্ন মহলে মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে।’’
তিনি আরও বলেন, ‘‘ড. আব্দুল্লাহ নাসের চক্রটি বিভিন্ন দেশে অপপ্রচারে লিপ্ত রয়েছে। এসব বানোয়াট মিথ্যা প্রচারণার ফলে আন্তর্জাতিক সহযোগী ব্যবসায়ী ও গ্রাহকদের কাছে আমার ভাবমূর্তি মারাত্মক হুমকির মুখে পড়েছে।’’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









