নারায়ণগঞ্জের সাত খুন, মেজর সিনহা হত্যা ও বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলার আপিল বিভাগে দ্রুত শুনানির উদ্যোগ নেওয়া হয়েছে। অবকাশকালীন ছুটি শেষে আদালত খুললে মামলাগুলোর দ্রুত শুনানির ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল।
রবিবার (১৮ অক্টোবর) তিনি এ তথ্য জানান। অ্যাটর্নি জেনারেল বলেন, দীর্ঘদিন ধরে আলোচিত এ তিন হত্যা মামলার হাইকোর্টের রায়ের পর আপিল বিভাগে শুনানির অপেক্ষায় রয়েছে।
২০১৭ সালের ২২ আগস্ট নারায়ণগঞ্জের সাত খুন মামলায় হাইকোর্ট রায় ঘোষণা করেন। ওই রায়ে বিচারিক আদালতের দেওয়া ২৬ জনের মধ্যে ১৫ জনের মৃত্যুদণ্ড বহাল রাখা হয়। এরপর থেকে মামলাটি আপিল বিভাগে শুনানির অপেক্ষায় রয়েছে।
অন্যদিকে, মেজর সিনহা হত্যা মামলায় ২০২৫ সালের ২ জুন হাইকোর্ট রায় দেন। ওই রায়ে টেকনাফ থানার বরখাস্ত হওয়া তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রদীপ কুমার দাস এবং বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের তৎকালীন পরিদর্শক লিয়াকত আলীর মৃত্যুদণ্ড বহাল রাখা হয়। বর্তমানে মামলাটি আপিল বিভাগে শুনানির অপেক্ষায় রয়েছে।
এ ছাড়া বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলায় ২০২৫ সালের ১৬ মার্চ হাইকোর্ট রায় ঘোষণা করেন। ওই রায়ে বিচারিক আদালতের দেওয়া ২০ জনের মৃত্যুদণ্ড এবং পাঁচজনের যাবজ্জীবন কারাদণ্ড বহাল রাখা হয়। এ মামলাটিও আপিল বিভাগে শুনানির অপেক্ষায় রয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









