অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দুই মামলার আসামি বিমান বাহিনীর সাবেক প্রধান শেখ আব্দুল হান্নান কাতারে গ্রেপ্তার হয়েছেন।
রোববার দুদকের উপপরিচালক মো. আকতারুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান। তবে কবে, কীভাবে এবং কোন কর্তৃপক্ষ তাকে গ্রেপ্তার করেছে, সে বিষয়ে বিস্তারিত জানাতে পারেননি তিনি।
২০২৫ সালের ২৭ জুলাই শেখ আব্দুল হান্নান ও তার স্ত্রী তাহমিদা বেগমের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগে মামলা করে দুদক।
দুদকের অভিযোগ, হান্নান জ্ঞাত আয়বহির্ভূত ৩ কোটি ২৮ লাখ ৫১ হাজার ৫০৬ টাকার সম্পদ অর্জন করেছেন। তার ছয়টি ব্যাংক হিসাবে ২৭ কোটি ৬৩ লাখ ৬৬ হাজার ৭০০ টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগও রয়েছে।
অন্যদিকে, তার স্ত্রী তাহমিদার বিরুদ্ধে ১ কোটি ৯১ লাখ ৯০ হাজার ৩০৪ টাকার অবৈধ সম্পদ অর্জন এবং ৩২টি ব্যাংক হিসাবে ১ কোটি ১৮ লাখ ১৯ হাজার ৯২৩ টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগ আনা হয়েছে।
দুদকের অনুসন্ধানে কাতার, দুবাইসহ বিভিন্ন দেশে হান্নানের ব্যবসাপ্রতিষ্ঠান ও সম্পদের তথ্য পাওয়ার কথা জানানো হয়েছিল। এ ছাড়া তার জমি, বাড়ি, ফ্ল্যাট ও ব্যাংক হিসাব জব্দ বা অবরুদ্ধের আদেশও দিয়েছেন আদালত।
শেখ আব্দুল হান্নান ২০২১ সালের ১২ জুন বিমান বাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব নেন। ২০২৪ সালের ১১ জুন তিনি অবসরে যান।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









