ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি প্রদর্শনের মামলায় জামিন পেয়েছেন চিত্রনায়িকা পরীমনি। তবে আদালত থেকে বের হওয়ার সময় এক সাংবাদিকের মোবাইল ফোন কেড়ে নেওয়া ও গালিগালাজ করার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। এ ছাড়া তার নিরাপত্তারক্ষীদের ধাক্কায় এক বিচারপ্রার্থীর মাথা ফেটে গেছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এসব ঘটনা ঘটে। সকাল সাড়ে ৯টার দিকে প্রায় ১১ জন নিরাপত্তারক্ষী নিয়ে আদালতে পৌঁছান পরীমনি। সকাল ১১টা ৪০ মিনিটের দিকে এজলাসে যাওয়ার সময় সাংবাদিকরা ছবি ও ভিডিও ধারণ করতে গেলে নিরাপত্তারক্ষীদের সঙ্গে ধাক্কাধাক্কি হয়।
এ সময় সমকালের মাল্টিমিডিয়া প্রতিবেদক রবিউল হোসাইনের মোবাইল ফোন কেড়ে নেন পরীমনি। পরে রবিউল টান দিয়ে ফোনটি ফিরিয়ে নেন।
আদালতে শুনানি শেষে ৫০০ টাকা মুচলেকায় তার জামিন মঞ্জুর করেন বিচারক মাহফুজুর রহমান। জামিন নিয়ে বের হওয়ার সময় নিরাপত্তারক্ষীদের ধাক্কায় সুজন চন্দ্র মনি দাস নামে এক বিচারপ্রার্থীর মাথা ফেটে যায়।
এদিকে, আদালত প্রাঙ্গণে গাড়িতে ওঠার আগে রবিউল হোসাইনকে দেখে তার দিকে তেড়ে যান পরীমনি। এ সময় সাংবাদিকদের গালিগালাজ করেন বলেও অভিযোগ উঠেছে। পরে আদালত প্রাঙ্গণ ছাড়েন তিনি।
২০২২ সালের ৬ জুলাই ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ পরীমনিসহ তিনজনের বিরুদ্ধে মামলাটি করেন। মামলায় মারধর, ক্লাব ভাঙচুর ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ আনা হয়। ২০২৫ সালের ২৬ জানুয়ারি পরীমনি ও তার কস্টিউম ডিজাইনার জুনায়েদ বোগদাদী জিমির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









