প্রধানমন্ত্রী তারেক রহমান শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশ এবং তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান ক্রীড়াবিদ গড়ে তোলার লক্ষ্যে আয়োজিত প্রতিভা অন্বেষণ কর্মসূচি ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর দ্বিতীয় আসরের উদ্বোধন করেছেন।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেল পৌনে ৪টার দিকে জেলা স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ আসরের উদ্বোধন করেন। একই সঙ্গে অনলাইনেও সারা দেশের ৫০৩টি উপজেলায় ‘নতুন কুঁড়ি’র দ্বিতীয় আসরেরও উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
এর আগে প্রধানমন্ত্রী মোংলা বন্দর থেকে বাগেরহাটে হজরত খানজাহান আলী (রহ.) এর মাজার জিয়ারত করেন। পরে কাটাখালী ও কুদির বটতলা হয়ে খুলনা সার্কিট হাউজে পৌঁছান। সেখান থেকে তিনি খুলনা জেলা স্টেডিয়ামে যান।
প্রধানমন্ত্রী তারেক রহমানের খুলনা সফর উপলক্ষে খুলনার প্রবেশদ্বার রূপসা উপজেলার তিলক কুদির তলায় নির্মিত হয় পথসভা মঞ্চ। দুপুর ২টা ১৬ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী ‘সবার আগে বাংলাদেশ’ বাস এসে থামে পথসভা মঞ্চের পাশে। গাড়ি থেকে নেমে প্রধানমন্ত্রী মিশে যান সাধারণ মানুষের সঙ্গে। এসময় জনগণের সঙ্গে হাত মেলান তিনি।
পরে মঞ্চে উঠে বক্তৃতা দেন প্রধানমন্ত্রী। এ সময় সরকারের উন্নয়ন পরিকল্পনা ও নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নের কথা তুলে ধরেন তিনি। এছাড়া ক্ষমতাচ্যুত ফ্যাসিস্ট সরকারের প্রধানমন্ত্রী ভারত থেকে দেশকে অস্থিতিশীল করতে নানা ষড়যন্ত্রসহ নাশকতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে বলে উল্লেখ করেন। তিনি এসব ষড়যন্ত্র মোকাবিলা করতে চব্বিশের মতো আরো একটি আন্দোলন গড়ে তোলার জন্য আহ্বান জানান।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









