বিয়ে এমন একটি সামাজিক প্রথা, যা হাজার বছর ধরে চলে আসছে। আর বিয়েতে লাল রং যেন অপরিহার্য, বিশেষ করে বাঙালি বিয়ের কনেরা বেশিরভাগ সময় লাল বেনারসি পরে থাকেন। লাল বেনারসি ছাড়া বাঙালি কনে যেন ভাবাই যায় না। আক্ষরিক অর্থে লাল রঙ-কে সাহসের প্রতীক বলা হয়। শতাব্দীর পর শতাব্দী ধরে নারীরা বিয়েতে এই ঐতিহ্যবাহী রঙের পোশাক পরছেন। কিন্তু এই রঙের এত আধিপত্য কেন?
সময়ের সঙ্গে বিয়ের আচার-আচরণে অনেক পরিবর্তন এসেছে। তবুও দুটি মানুষের একসঙ্গে জীবন শুরু করার মূল নিয়ম একই রয়েছে। বিভিন্ন ধর্ম ও সংস্কৃতিতে বিয়ের প্রথায় বেশ কিছু পার্থক্য আছে। যেমন হিন্দু বাঙালি নারীরা বেশিরভাগ ক্ষেত্রে লাল রঙের বেনারসি পরে বিয়ে করেন। আবার মুসলিম মেয়েদের বিয়েতেও লাল রঙের আধিক্য চোখে পড়ে। লাল রঙের পোশাকে সেজে নববধূ যেন আরও সুন্দর হয়ে ওঠেন।
সময়ের সঙ্গে মানুষের রুচিবোধ ও পছন্দেও পরিবর্তন এসেছে। তাই অনেকে বিয়েতে লাল ছেড়ে অন্য রঙ বেছে নিচ্ছেন। তবে বিয়ের কনে মানেই লাল বেনারসি—এই আধিপত্য এখনো বিরাজমান।
লাল রঙের সাংস্কৃতিক তাৎপর্য
দক্ষিণ এশিয়ার সংস্কৃতিতে লাল সবসময়ই শ্রদ্ধা ও শক্তির প্রতীক হিসেবে বিবেচিত হয়েছে। লাল হলো জীবনের রং, জীবনীশক্তির প্রতীক এবং শুভ সূচনার চিহ্ন। বিয়ের প্রেক্ষাপটে লাল উর্বরতা, উন্নতি-সমৃদ্ধি এবং দাম্পত্য জীবনের সুখের প্রতীক হিসেবে বিবেচিত হয়। আর ঐতিহ্যগতভাবে কনেরা এসব বৈশিষ্ট্য ধারণ করেন বলে মনে করা হয়। সে দিক থেকে বাঙালি বিয়েতে লাল রঙের ব্যবহার নান্দনিকতার চেয়েও বেশি কিছু।
ঐতিহ্যগতভাবে পরিবারের বয়োজ্যেষ্ঠরা বিয়ের কনেকে লাল রঙে দেখতে পছন্দ করেন। সে কারণেও অনেকে বিয়েতে লাল শাড়ি পরার সিদ্ধান্ত নেন। এক্ষেত্রে সামাজিক ও পারিবারিক প্রেক্ষাপট বেশি গুরুত্ব পায়।
আবার বিয়েতে লাল পোশাক পরার ধর্মীয় কারণও রয়েছে। হিন্দু বিয়েতে বেশিরভাগ ক্ষেত্রে কনেকে লাল রঙের পোশাকে দেখা যায়। আর বাঙালি কনের সাজ টুকটুকে লাল বেনারসি ছাড়া অসম্পূর্ণ। আজকাল লাল ছেড়ে অনেকেই বিভিন্ন হালকা রঙের শাড়ি বা লেহেঙ্গার দিকে ঝুঁকলেও লাল রঙের নববধূর সাজে আলাদা মাত্রা রয়েছে। ঐতিহ্য ও আধুনিকতার মিশেলে বিয়ের লাল শাড়ি দেশীয় সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যায়। সেই সঙ্গে এর সৌন্দর্য বিয়ের কনেকে অন্যদের থেকে আলাদা আকর্ষণ দেয়।
মূলত বিয়ে নতুন জীবনের সূচনা। আর লাল হলো ভালোবাসার রং। তাই ভালোবাসার রঙে নিজেকে রাঙিয়ে নতুন জীবনের পথে পা রাখেন মেয়েরা। নতুন জীবন শুরুর আগে তাই লাল রঙকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। বিয়ের কনে যখন লাল রঙের শাড়ি বা লেহেঙ্গা পরেন, তখন তার মধ্যে ইতিবাচক শক্তির অনুভূতি তৈরি হয়। এই কারণেই বিয়ের কনেকে প্রধানত লাল রঙে সাজানো হয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









