বিদ্যুতের পাইকারি, সঞ্চালন ও খুচরা মূল্যহার পুনর্নির্ধারণের ঘোষণা আগামী বুধবার (৩ জুন) বিকাল ৩টায় আনুষ্ঠানিকভাবে জানাবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। মঙ্গলবার (২ জুন) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সংস্থাটি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বাবিউবো) বিদ্যুতের পাইকারি (বাল্ক) ও খুচরা মূল্যহার পুনর্নির্ধারণের প্রস্তাব দিয়েছে। এছাড়া পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি (পিজিবিপিএলসি) সঞ্চালন মূল্যহার এবং বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বাপবিবো), ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি), ঢাকা ইলেক্ট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড (ডেসকো), ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ওজোপাডিকো) ও নর্দান ইলেক্ট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো) খুচরা মূল্যহার পরিবর্তনের প্রস্তাব কমিশনে দাখিল করেছে।
উক্ত প্রস্তাবগুলোর ওপর গত ২০ ও ২১ মে গণশুনানি অনুষ্ঠিত হয়। এসব প্রস্তাব পর্যালোচনা শেষে কমিশনের চূড়ান্ত সিদ্ধান্ত আগামীকাল বিকাল ৩টায় কমিশন কার্যালয়ের শুনানি কক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে ঘোষণা করা হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









