সংসদে কোনো অভিযোগ বা নোটিশ উত্থাপনের আগে কার্যপ্রণালী বিধি ভালোভাবে পড়ে নেওয়ার জন্য সংসদ সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। একই সঙ্গে সংসদ সচিবালয় বা এর কর্মকর্তা-কর্মচারীদের আচরণ নিয়ে কোনো অভিযোগ থাকলে তা অধিবেশনে না তুলে সরাসরি লিখিতভাবে স্পিকারের কাছে জানানোর পরামর্শ দেন তিনি।
রোববার (৭ জুন) জাতীয় সংসদ অধিবেশনে কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য সেলিম ভুঁইয়ার অভিযোগের জবাবে স্পিকার এসব কথা বলেন।
এর আগে সংসদ সদস্য সেলিম ভুঁইয়া অভিযোগ করেন, নির্ধারিত সময়ের আগে নোটিশ জমা দেওয়ার পরও তার নাম তালিকায় শীর্ষে আসেনি।
জবাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, বিষয়টি তিনি খতিয়ে দেখেছেন। এতে দেখা যায়, সংশ্লিষ্ট নোটিশ নির্ধারিত সময় শেষ হওয়ার এক মিনিট পর জমা পড়েছে। এ কারণে সেটি আজকের তালিকায় প্রথমে অন্তর্ভুক্ত হয়নি। তবে আগামীকালের তালিকায় এটি শীর্ষে থাকার সম্ভাবনা রয়েছে বলে তিনি জানান।
তিনি আরও বলেন, আগে জমা দেওয়া কিছু নোটিশ, যা ১১ তারিখে জমা হয়েছিল, তা পরবর্তী তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে। বিধি অনুযায়ী, নোটিশ নির্ধারিত সময়ের অন্তত দুই ঘণ্টা আগে জমা দিতে হয়। সময়সীমা অতিক্রম হওয়ায় আজকের তালিকায় তা প্রথমে আসেনি।
এরপর স্পিকার সংসদ কার্যপ্রণালী বিধির ৫৪ ধারার ৩ উপধারা উদ্ধৃত করে জানান, সংসদ সচিবালয় বা এর কর্মচারীদের আচরণ সংক্রান্ত বিষয়ে প্রশ্ন বা অভিযোগ কেবল ব্যক্তিগতভাবে স্পিকারের কাছে লিখিতভাবে জানানো যাবে, অধিবেশনে তা উত্থাপন করা যাবে না।
তিনি সংসদ সদস্যদের উদ্দেশে বলেন, সংসদ সচিবালয় সম্পর্কিত কোনো অভিযোগ থাকলে তা সরাসরি লিখিতভাবে জানাতে হবে। পাশাপাশি কার্যপ্রণালী বিধি ভালোভাবে অধ্যয়ন করার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









