জাতীয় বাজেটে সাধারণ মানুষের জন্য কিছুটা স্বস্তির আভাস মিলছে। এবারের বাজেটে রান্নাঘরে ব্যবহৃত বিভিন্ন ইলেকট্রনিক পণ্য, প্রযুক্তিপণ্য ও স্বাস্থ্যখাতে কিছু পণ্যের দাম কমার সম্ভাবনা রয়েছে।
বৃহস্পতিবার (১১ জুন) বিকাল ৩টায় জাতীয় সংসদে দেশের ৫৫তম বাজেট উপস্থাপন করা হবে। এটি হবে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের প্রথম বাজেট এবং অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীরও প্রথম বাজেট।
এবারের বাজেটে গৃহিণীদের জন্য সুখবর থাকতে পারে। রান্নাঘরে ব্যবহৃত বিভিন্ন ইলেকট্রনিক পণ্যের দাম কমার সম্ভাবনা রয়েছে। এর মধ্যে ব্লেন্ডার, জুসার, মিক্সার, গ্রাইন্ডার, ইলেকট্রিক কেটলি, আয়রন, রাইস কুকার, মাল্টি কুকার, প্রেসার কুকারসহ ইন্ডাকশন, ইনফ্রারেড ও ইলেকট্রিক কুকার অন্তর্ভুক্ত থাকতে পারে। এছাড়া ওয়াটার পিউরিফায়ার ও গিজারের মতো প্রয়োজনীয় পণ্যের দামও কমতে পারে।
শুধু কিচেন পণ্যই নয়, প্রযুক্তিপণ্যেও স্বস্তির ইঙ্গিত রয়েছে। কম্পিউটার, প্রিন্টার ও মনিটরের দাম কমানোর প্রস্তাব আসতে পারে। পাশাপাশি বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের জন্য প্রয়োজনীয় প্রায় ১৫ ধরনের পণ্যের দাম কমানোর উদ্যোগ নেওয়া হতে পারে।
স্বাস্থ্যখাতেও কিছুটা স্বস্তি মিলতে পারে। বিশেষ করে কিডনি ডায়ালাইসিস ফিল্টারের মতো গুরুত্বপূর্ণ চিকিৎসা পণ্যের দাম কমানোর সম্ভাবনা রয়েছে।
এছাড়া স্বর্ণালঙ্কার কেনাবেচায়ও স্বস্তি আসতে পারে। বর্তমানে ৫ শতাংশ উৎসে কর কমিয়ে তা দশমিক ৫ শতাংশে নামিয়ে আনার প্রস্তাব থাকতে পারে বাজেটে।
সব মিলিয়ে, এবারের বাজেটে নিত্যপ্রয়োজনীয় ও প্রযুক্তিপণ্যে দাম কমার মাধ্যমে সাধারণ মানুষের খরচ কিছুটা হলেও কমতে পারে বলে আশা করা হচ্ছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









