ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও সংখ্যালঘু সম্প্রদায়ের কল্যাণ এবং তাদের অধিকার সুরক্ষায় সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার (২৪ জুন) সচিবালয়ে নিজ দপ্তরে সীতাকুন্ড স্রাইন কমিটির প্রতিনিধিদের সঙ্গে বৈঠককালে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন। বৈঠকে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী এবং বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের চেয়ারম্যান বিজন কান্তি সরকার উপস্থিত ছিলেন।
মন্ত্রী বলেন, একটি মহল দীর্ঘদিন ধরে বিএনপিকে ভিন্ন ধর্মাবলম্বীদের বিরুদ্ধে অবস্থান করানোর অপচেষ্টা চালিয়ে আসছে। তবে ঐতিহাসিকভাবে বিএনপি সব ধর্মের মানুষের অধিকার রক্ষায় কাজ করেছে। সব ধর্মের মানুষকে সমান সুযোগ দিয়ে দেশের উন্নয়নে অংশগ্রহণ নিশ্চিত করার কথাও তিনি উল্লেখ করেন।
বৈঠকে সীতাকুন্ড স্রাইন কমিটির নেতারা চট্টগ্রামের সীতাকুন্ডে অবস্থিত পুণ্যতীর্থ চন্দ্রনাথ ধামে যাতায়াতে ভক্তদের নানা ভোগান্তির বিষয় তুলে ধরেন।
এ প্রেক্ষিতে চন্দ্রনাথ ধামের সিঁড়ি নির্মাণ, মন্দির সংস্কার এবং আশপাশের অবকাঠামো উন্নয়নে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন মন্ত্রী।
বৈঠকে স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসান, মেজর জেনারেল (অব.) জীবন কানাইসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









