রোহিঙ্গা সংকট সমাধানের একটি পথ সামনে খুলবে বলে আশা প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
শনিবার (২৭ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফর নিয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, রোহিঙ্গা ইস্যুতে চীন জানিয়েছে তারা বাংলাদেশ ও মিয়ানমার—উভয় পক্ষকে সহযোগিতা করবে, যাতে দ্রুত সময়ের মধ্যে সমস্যাটির সমাধান সম্ভব হয়।
তিনি আরও বলেন, রোহিঙ্গা সংকটের তিনটি পক্ষ রয়েছে—মিয়ানমার, বর্তমানে আরাকান আর্মির নিয়ন্ত্রণাধীন অঞ্চল এবং বাংলাদেশ। পাশাপাশি বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গারাও এই সমস্যার একটি অংশ।
ড. খলিলুর রহমান জানান, তিনি পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রী এবং আরাকান আর্মির প্রধান—উভয় পক্ষ থেকেই অভিনন্দন বার্তা পেয়েছেন। এর মাধ্যমে বিভিন্ন পক্ষের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
তিনি বলেন, “আমি বিস্তারিত সবকিছু প্রকাশ করতে পারব না। তবে আমাদের যোগাযোগ রয়েছে। বর্তমান সরকারের রাজনৈতিক অবস্থান ও শক্তির কারণে আগামী দিনে এই সমস্যার সমাধানের একটি বাস্তব পথ তৈরি হবে বলে আমি বিশ্বাস করি।”
এ প্রসঙ্গে তিনি অতীতের উদাহরণ টেনে বলেন, এর আগে বিএনপি সরকারের সময়ও দুই দফায় রোহিঙ্গা সমস্যার সমাধান হয়েছিল। একইভাবে ভবিষ্যতেও সমাধান সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









