বিয়ের অনুষ্ঠানে ১০০ জনের বেশি অতিথি থাকলে অতিরিক্ত প্রত্যেক অতিথির জন্য ১ হাজার টাকা করে কর আরোপের প্রস্তাব দিয়েছেন লক্ষ্মীপুর-১ আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য মো. শাহাদাত হোসেন।
শুক্রবার (২৬ জুন) রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত ‘জাতীয় বাজেট ২০২৬-২৭’ শীর্ষক আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ প্রস্তাব দেন।
শাহাদাত হোসেন বলেন, দেশে বিয়ে ও সামাজিক অনুষ্ঠানে অপ্রয়োজনীয় ব্যয় এবং আড়ম্বরপূর্ণ প্রদর্শন দিন দিন বেড়ে চলেছে, যা বড় পরিসরে অপচয়ে রূপ নিচ্ছে।
তিনি আরও বলেন, এসব অনুষ্ঠানে বিপুল অর্থ ব্যয় হচ্ছে, যার একটি বড় অংশই খাবার ও আয়োজনের অপচয়ে পরিণত হয়। বিশেষ করে গায়েহলুদের অনুষ্ঠানে দীর্ঘদিন ধরে নাচ-গানের প্রশিক্ষণ ও জাঁকজমকপূর্ণ আয়োজনের প্রবণতাও বাড়ছে।
তার মতে, আগে সামাজিক অনুষ্ঠানে অতিথি নিয়ন্ত্রণে নির্দিষ্ট নিয়ম ছিল। সেই ধারায় ফিরে গিয়ে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত প্রত্যেক অতিথির ওপর ১ হাজার টাকা কর আরোপ করা যেতে পারে।
বিএনপির এই সংসদ সদস্যের দাবি, এ ধরনের অপচয় নিয়ন্ত্রণ করা গেলে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম প্রায় ১০ শতাংশ পর্যন্ত কমে আসতে পারে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









