চলতি বছরের জুন মাসে সারা দেশে মব সহিংসতার ঘটনায় অন্তত ৩৩ জন নিহত এবং ১২৬ জন গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার (৩০ জুন) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ)।
সংস্থাটির আগের মাসের প্রতিবেদনের তুলনায় দেখা যায়, মে মাসে মব সহিংসতায় ৩২ জন নিহত এবং ৭১ জন আহত হয়েছিলেন। সেই হিসাবে জুনে আহতের সংখ্যা প্রায় ৭৭ শতাংশ বেড়েছে।
এমএসএফ বলছে, চোর সন্দেহ, ছিনতাইয়ের অভিযোগ, গুজব কিংবা ভুল বোঝাবুঝিকে কেন্দ্র করে সংঘবদ্ধ হামলার ঘটনায় প্রাণহানি ঘটছে। এসব ঘটনার মধ্যে শুধু অভিযুক্ত নয়, অনেক ক্ষেত্রে নিরপরাধ মানুষও আক্রান্ত ও নিহত হচ্ছেন। ফলে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও মানবাধিকার নিয়ে উদ্বেগ বাড়ছে।
প্রতিবেদনে আরও বলা হয়, মব সহিংসতার শিকারদের মধ্যে পুলিশ সদস্য, শিক্ষক, ব্যবসায়ী, শ্রমজীবী মানুষ, পথচারী ও বিদেশি নাগরিকও রয়েছেন। অনেক ঘটনায় অভিযোগ যাচাইয়ের আগেই জনতা হামলা চালিয়েছে, কোথাও কোথাও বাসাবাড়িতে ভাঙচুর ও লুটপাটের ঘটনাও ঘটেছে।
এমএসএফের পর্যবেক্ষণে বলা হয়েছে, জুন মাসে দেশের সামগ্রিক মানবাধিকার পরিস্থিতি আরও অবনতির দিকে গেছে। বিশেষ করে রাজনৈতিক সহিংসতা, মব সহিংসতা, ব্যাপক গ্রেপ্তার, অজ্ঞাত লাশ উদ্ধার এবং সীমান্ত পরিস্থিতির অবনতিতে উদ্বেগজনক প্রবণতা দেখা গেছে।
রাজনৈতিক সহিংসতায় গত মাসে ৩০৩ জন আহত এবং দলীয় সংঘর্ষে সাতজন নিহত হয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। একই সময়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে একজন এবং কারাগারে নয়জনের মৃত্যু হয়েছে। বাহিনীর সঙ্গে গোলাগুলিতে নিহত হয়েছেন তিনজন।
এছাড়া সাংবাদিকদের ওপর ১৯টি হামলা, হুমকি ও নির্যাতনের ঘটনা ঘটেছে। আইনি হয়রানির শিকার হয়েছেন ছয়জন সাংবাদিক, গ্রেপ্তার হয়েছেন তিনজন।
প্রতিবেদনে বলা হয়, গত মাসে নদী, সড়ক, রেলপথ ও বিভিন্ন স্থানে পড়ে থাকা অবস্থায় ৬৫টি লাশ উদ্ধার করা হয়েছে। নারী ও শিশু নির্যাতনের শিকার হয়েছেন ৩৪৮ জন। পাশাপাশি ১১ নবজাতককে পরিত্যক্ত অবস্থায় পাওয়া গেছে, যার মধ্যে দুজন জীবিত ও নয়জন মৃত। মাদক সংশ্লিষ্ট সংঘর্ষে নিহত হয়েছেন ১৩ জন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









