সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ইঙ্গিত করে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাংলাদেশের প্রচলিত আইনে তার আত্মসমর্পণের কোনো সুযোগ নেই। তিনি দাবি করেন, দণ্ডপ্রাপ্ত আসামি হিসেবে দেশের সীমানায় প্রবেশ করলেই তাকে গ্রেপ্তার করা হবে।
মঙ্গলবার (১৪ জুলাই) জাতীয় সংসদে ‘জুলাই গণঅভ্যুত্থান ও গণহত্যার বিচার’ বিষয়ে আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
আইনমন্ত্রী বলেন, “আমাদের মধ্যে বিভেদের সুর দেখে দিল্লিতে বসে আত্মসমর্পণের হুংকার দেওয়া হচ্ছে। আমি জাতিকে জানাতে চাই, বাংলাদেশের প্রচলিত আইনে তাদের আত্মসমর্পণের কোনো সুযোগ নেই। তারা দণ্ডপ্রাপ্ত আসামি। দেশের সীমানায় প্রবেশের সঙ্গে সঙ্গেই গ্রেপ্তার করা হবে।”
তিনি আরও বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগের পুনর্বাসনের কোনো সুযোগ দেওয়া হবে না এবং এ ধরনের সব প্রচেষ্টার বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
বিচার কার্যক্রমের অগ্রগতি
জুলাই হত্যাকাণ্ডের বিচার নিয়ে আইনমন্ত্রী জানান, সরকার দায়িত্ব নেওয়ার পর ১৬টি তদন্ত শেষ হয়েছে। এর মধ্যে ১২টির তদন্ত প্রতিবেদন জমা হয়েছে এবং চারটি মামলায় অভিযোগ গঠন করা হয়েছে। ইতোমধ্যে আবু সাঈদ হত্যা ও হাসানুল হক ইনুর মামলাসহ তিনটি মামলার রায় হয়েছে।
তিনি বলেন, ট্রাইব্যুনালে জমা পড়া ৫৯০টি অভিযোগের মধ্যে ১০৯টি মামলা বিচার প্রক্রিয়ার জন্য বাছাই করা হয়েছে। এর মধ্যে ৪৩টি মামলার তদন্ত প্রতিবেদন দাখিল হয়েছে এবং ছয়টি মামলার বিচার শেষ হয়েছে।
তার তথ্য অনুযায়ী, এসব মামলায় ১৬ জনকে মৃত্যুদণ্ড, ১১ জনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ৩৫ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। একজন রাজসাক্ষী খালাস পেয়েছেন। বর্তমানে ২৬টি মামলা বিচারাধীন এবং আরও চারটি মামলার রায় অপেক্ষমাণ।
আইনমন্ত্রী আরও জানান, শাপলা চত্বরের হত্যাকাণ্ড, আওয়ামী লীগের বিরুদ্ধে অভিযোগ এবং দেশের বিভিন্ন জেলায় সংঘটিত জুলাই হত্যাকাণ্ডের ঘটনাও তদন্তাধীন রয়েছে।
জুলাই চেতনা নিয়ে রাজনীতি না করার আহ্বান
বক্তব্যে জুলাই আন্দোলনের চেতনা নিয়ে রাজনৈতিক বিভাজনের সমালোচনা করেন আইনমন্ত্রী। তিনি বলেন, জুলাইয়ের চেতনা বাস্তবায়নের নামে নেতিবাচক রাজনীতি না করে গণমানুষের কল্যাণে কাজ করা প্রয়োজন।
তিনি ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, কর্মসংস্থান সৃষ্টি এবং আধিপত্যবাদ ও সাম্রাজ্যবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
জোটসঙ্গীদের উদ্দেশে বার্তা
রাজনৈতিক মিত্রদের উদ্দেশে আইনমন্ত্রী বলেন, ইতিহাস থেকে শিক্ষা নেওয়া প্রয়োজন। তিনি দাবি করেন, অতীতে আওয়ামী লীগের সঙ্গে জোট করার ফল নেতিবাচক হয়েছিল। তাই পরীক্ষিত রাজনৈতিক মিত্রদের সঙ্গে ঐক্য ধরে রেখে সামনে এগোনোর আহ্বান জানান।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









