দুর্নীতির মামলায় অভিযুক্ত ও বরখাস্ত মেজর জেনারেল জিয়াউল আহসানের পূর্বাচলের জলসিঁড়ি এলাকায় অবস্থিত ৯ তলা ভবন নিয়ন্ত্রণে নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সোমবার (২০ জুলাই) ভবনটিতে অভিযান চালিয়ে সংস্থাটি বিভিন্ন আর্থিক অসঙ্গতির তথ্য ও নথি উদ্ধার করেছে।
দুদকের সহকারী পরিচালক তানজীর আহমেদ জানান, আদালতের জব্দের আদেশ বাস্তবায়নের অংশ হিসেবে সোমবার সকাল থেকে ভবনটি নিয়ন্ত্রণে নেওয়ার কার্যক্রম শুরু হয়। অভিযান চলাকালে ভবনের আসবাবপত্রের পাশাপাশি আর্থিক লেনদেনসংক্রান্ত বিপুল পরিমাণ তথ্য-উপাত্ত পাওয়া গেছে।
৪০ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন এবং ৩৪২ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে ২০২৫ সালে জিয়াউল আহসান ও তার স্ত্রী নুসরাত জাহানের বিরুদ্ধে মামলা করে দুদক। পরে সংস্থাটির আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তাদের সম্পদ জব্দের নির্দেশ দেন।
এ দিকে, গুলশানে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের প্রায় ১৮ কোটি টাকা মূল্যের দুটি ফ্ল্যাটও দুদিনের অভিযানে নিয়ন্ত্রণে নিয়েছে দুদকের সম্পদ ব্যবস্থাপনা বিভাগ।
দুদক জানায়, ওই দুটি ফ্ল্যাট থেকে দুর্নীতিসংক্রান্ত বিভিন্ন নথি ও সামগ্রীসহ ২৬০ ধরনের আলামত উদ্ধার করা হয়েছে। এছাড়া, সাবেক এই ভূমিমন্ত্রীর বিরুদ্ধে ৯টি দেশে প্রায় ১০ হাজার কোটি টাকা পাচারের প্রমাণ পাওয়া গেছে বলে দাবি করেছে সংস্থাটি।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









