প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী সেপ্টেম্বরের শেষ দিকে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সফর করবেন। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে তিনি আগামী ২৪ অথবা ২৫ সেপ্টেম্বর সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশের পক্ষে ভাষণ দেবেন। সরকারপ্রধান হিসেবে এটি হবে জাতিসংঘ সদরদপ্তরে তার প্রথম সফর।
সরকারি একাধিক সূত্র জানায়, জাতিসংঘের অধিবেশনের পাশাপাশি নিউইয়র্কে রোহিঙ্গা সংকট নিয়ে বাংলাদেশের উদ্যোগে আয়োজিত একটি উচ্চপর্যায়ের আলোচনা সভায় অংশ নেওয়ার সম্ভাবনা রয়েছে প্রধানমন্ত্রীর। এছাড়া বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের সঙ্গে একাধিক দ্বিপক্ষীয় বৈঠক ও সৌজন্য সাক্ষাৎও করতে পারেন তিনি।
এসব কর্মসূচি চূড়ান্ত হলে প্রধানমন্ত্রী আগামী ২১ অথবা ২২ সেপ্টেম্বর নিউইয়র্ক পৌঁছাতে পারেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
সফরকালে জাতিসংঘ সাধারণ পরিষদে অংশ নেওয়া রাষ্ট্র ও সরকারপ্রধানদের সম্মানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানেও প্রধানমন্ত্রীর অংশ নেওয়ার সম্ভাবনা রয়েছে।
সরকারি সূত্র আরও জানায়, প্রধানমন্ত্রীর সফরসূচি এখনও চূড়ান্ত হয়নি। তবে সাধারণ পরিষদের কার্যক্রম শেষ করেই যত দ্রুত সম্ভব দেশে ফেরার পরিকল্পনা রয়েছে তার। এর আগে সময়-সুযোগ হলে তিনি যুক্তরাষ্ট্রের প্রযুক্তিখাতের অন্যতম কেন্দ্র সিলিকন ভ্যালিও সফর করতে পারেন।
এ দিকে, জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতিত্ব করবেন নবনির্বাচিত সভাপতি ও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। আগামী ৭ অথবা ৮ সেপ্টেম্বর তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন। দায়িত্ব পালনের জন্য সেপ্টেম্বরের শুরুতেই তার নিউইয়র্কে পৌঁছানোর কথা রয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









