প্রতিবেশী বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগ্রহী বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।
সোমবার (১০ আগস্ট) সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালহউদ্দিন আহমদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
দীনেশ ত্রিবেদী বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে বিভিন্ন গণতান্ত্রিক ইস্যু রয়েছে, ভবিষ্যতেও থাকবে। তার মতে, এটিই কূটনীতি ও গণতন্ত্রের সৌন্দর্য। পারস্পরিক এসব সমস্যা আলোচনার মাধ্যমে সমাধান করা সম্ভব।
তিনি বলেন, দুই দেশের ইতিহাস ও সীমান্তের বাস্তবতা পরিবর্তন করার সুযোগ নেই। বাংলাদেশ ও ভারত একে অপরের সঙ্গে নিজেদের স্বপ্ন ভাগাভাগি করে। আগামী দিনগুলোও ভালো যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।
দুই দেশকেই নিজেদের সমস্যাগুলো সমাধানে উদ্যোগী হওয়ার আহ্বান জানান ভারতীয় হাইকমিশনার।
তিনি বলেন, আলোচনায় বসে সমাধান করা সম্ভব নয়—এমন কোনো সমস্যা নেই। বাংলাদেশ ও ভারতের সাধারণ মানুষও দুই দেশের সম্পর্ক আরও ভালো থাকুক, সেটাই প্রত্যাশা করে।
বাংলাদেশে দায়িত্ব পালনের অভিজ্ঞতা তুলে ধরে দীনেশ ত্রিবেদী বলেন, গত দুই মাসে এ দেশে তিনি যে আদর, প্রীতি ও ভালোবাসা পেয়েছেন, তাতে তিনি সত্যিই অভিভূত।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









