ফরিদপুরের নগরকান্দায় ষষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রীকে অপহরণ ও ধর্ষণের মামলায় মো. শরিফুল ইসলাম (২৮) নামের এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) শামীমা পারভীন এ রায় ঘোষণা করেন।
মামলার বিবরণ সূত্র জানা যায়, ২০২১ সালের ৮ অক্টোবর নগরকান্দা উপজেলার বাড়ি থেকে বের হয়ে বাজারে যাবার পথে স্কুলছাত্রীকে অপহরণ করেন আসামি শরিফুল। পরে তাকে আটকে রেখে ধর্ষণ করার অভিযোগে ভুক্তভোগীর পিতা তার বিরুদ্ধে নগরকান্দা থানায় মামলা করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা শেষে আদালত আসামিকে দোষী সাব্যস্ত করে এই দণ্ড দেন।
রায়ে এক লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও তিন বছরের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। তবে রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন না। এ কারণে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত।
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) আইনজীবী গোলাম রব্বানী ভূঁইয়া রতন বলেন, ‘‘দীর্ঘ শুনানি শেষে আদালত এ রায় দিয়েছেন। রাষ্ট্রপক্ষ এ রায়ে সন্তুষ্ট। আমরা আশা করি, এ রায়ের মধ্য দিয়ে নারী ও শিশু নির্যাতনের মতো অপরাধে জড়িত ব্যক্তিদের কাছে কঠোর বার্তা পৌঁছাবে।’’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









