কুমিল্লা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (কুকসু)-এর খসড়া গঠনতন্ত্র দ্রুত অনুমোদন ও বাস্তবায়ন এবং নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়েছেন কুকসু প্রতিষ্ঠা আন্দোলনের নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সাধারণ শিক্ষার্থীদের পক্ষে এ স্মারকলিপি দেওয়া হয়। এতে দ্রুত গঠনতন্ত্র অনুমোদন, নির্বাচনের পূর্ণাঙ্গ রোডম্যাপ ও সময়সূচি প্রকাশ, নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন এবং অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনী পরিবেশ নিশ্চিত করার দাবি জানানো হয়।
স্মারকলিপিতে বলা হয়, দীর্ঘদিন নির্বাচিত কেন্দ্রীয় ছাত্র সংসদ না থাকায় শিক্ষার্থীদের গণতান্ত্রিক ও প্রাতিষ্ঠানিক প্রতিনিধিত্বের সুযোগ সীমিত হয়ে পড়েছে। এতে শিক্ষার্থীদের যৌক্তিক দাবি উত্থাপন, অধিকার সংরক্ষণ ও বিশ্ববিদ্যালয়ের সমস্যা সমাধানে প্রতিনিধিত্বশীল ভূমিকা পালনের ক্ষেত্রে শূন্যতা তৈরি হয়েছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের শিক্ষার্থী আফসার উদ্দিন ইফতি বলেন, শিক্ষার্থীদের দীর্ঘদিনের গণতান্ত্রিক প্রতিনিধিত্বের শূন্যতা দূর করতে অবিলম্বে কুকসু নির্বাচন প্রয়োজন। দ্রুত গঠনতন্ত্র অনুমোদন ও বাস্তবায়নের মাধ্যমে নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণার দাবি জানান তিনি। তার মতে, কুকসু কোনো ব্যক্তি বা সংগঠনের স্বার্থ নয়, এটি বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীর গণতান্ত্রিক অধিকার।
গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী মারুফ শেখ বলেন, ছাত্র সংসদ নির্বাচন শিক্ষার্থীদের যৌক্তিক দাবি ও গণতান্ত্রিক অধিকার। নির্বাচিত শিক্ষার্থী প্রতিনিধিরাই প্রশাসনকে জবাবদিহির আওতায় আনতে পারেন। তাই বিলম্ব না করে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন নিশ্চিত করার দাবি জানান তিনি।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









