অগ্নিকাণ্ড ও ভূমিকম্পের মতো দুর্যোগ মোকাবিলায় সচেতনতা বৃদ্ধি এবং জরুরি পরিস্থিতিতে করণীয় সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জনের লক্ষ্যে নীলফামারীর সৈয়দপুরে বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে (বিএইউএসটি) অগ্নিনিরাপত্তা ও উদ্ধারবিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে সৈয়দপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উদ্যোগে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ মহড়ার আয়োজন করা হয়। এর উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার লেফটেন্যান্ট কর্নেল ড. মো. শামীম রেজা (অব.)।
মহড়ায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের সামনে কৃত্রিম অগ্নিকাণ্ড ও ভূমিকম্পের পরিস্থিতি তৈরি করে উদ্ধার কার্যক্রম, অগ্নিনির্বাপণ এবং আহত ব্যক্তিদের প্রাথমিক চিকিৎসা প্রদর্শন করা হয়। এ ছাড়া অগ্নিনির্বাপক যন্ত্রের ব্যবহার ও এলপিজি গ্যাস সিলিন্ডারের আগুন নিয়ন্ত্রণের কৌশল দেখানো হয়।
ট্রেজারার লেফটেন্যান্ট কর্নেল ড. মো. শামীম রেজা বলেন, অগ্নিকাণ্ডসহ যেকোনো দুর্যোগ মোকাবিলায় এ ধরনের প্রশিক্ষণ ও মহড়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীসহ বিশ্ববিদ্যালয়ের সবাইকে অগ্নিনিরাপত্তার বিষয়ে সচেতন থাকার আহ্বান জানান তিনি। এ ধরনের আয়োজনের জন্য ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন।

এর আগে সৈয়দপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. আজিজুর রহমান অগ্নিনির্বাপণ, দুর্যোগকালীন নিরাপত্তা, উদ্ধার কার্যক্রম ও প্রাথমিক চিকিৎসা বিষয়ে আলোচনা করেন।
এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগ ও দপ্তরপ্রধান, শিক্ষক, কর্মকর্তা এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অংশগ্রহণকারীরা জানান, এ ধরনের মহড়া দুর্যোগ মোকাবিলায় বাস্তব অভিজ্ঞতা ও তাৎক্ষণিক করণীয় সম্পর্কে সচেতনতা বাড়াতে সহায়ক।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








