দেশে হাম পরিস্থিতির অবনতি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম উপসর্গ ও নিশ্চিত হামে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন ১ হাজার ৫৪১ জন।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ১২ নভেম্বর পর্যন্ত দেশে হাম উপসর্গ ও নিশ্চিত হামে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৪৪ হাজার ২৯১ জনে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ১৫৭ জন। এ নিয়ে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৪ হাজার ৮৮০ জনে।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, একই সময়ে হাম উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ২ লাখ ১৮ হাজার ৭৫ জন। তাঁদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ২ লাখ ৯ হাজার ২০৭ জন।
মৃত্যুর পরিসংখ্যানে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে চারজনের মৃত্যু হয়েছে। ১৫ মার্চ থেকে ১২ নভেম্বর পর্যন্ত এ উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা ১ হাজার ১৯৪ জনে পৌঁছেছে।
অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। তবে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত হামে প্রাণ হারিয়েছেন ১০৫ জন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








