দেশে বিদ্যমান সব সিন্ডিকেট ভেঙে দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের শেষ দিনে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, ‘‘সিন্ডিকেট আমরা ভাঙতে পারছি না কেন? এখনো যদি সিন্ডিকেটের কালো ছায়া থেকেই যায়, তাহলে গণতান্ত্রিক সরকার এবং সংসদের ভূমিকা কী? যেখানে যেখানে সিন্ডিকেট আছে, সবগুলো ভেঙে দেওয়া উচিত।’’
দেশের বর্তমান পরিস্থিতি তুলে ধরে বিরোধীদলীয় নেতা বলেন, বহুপাক্ষিক ও বহুমাত্রিক অভ্যন্তরীণ, আঞ্চলিক এবং আন্তর্জাতিক নানা তৎপরতার মধ্য দিয়ে যাচ্ছে বাংলাদেশ। প্রতিনিয়ত বিভিন্ন ধরনের খবর সামনে আসছে। এতে জাতি আতঙ্কিত না হলেও কী ঘটছে এবং সামনে কী হতে যাচ্ছে, তা নিয়ে সন্দিহান। এ বিষয়ে সবার অবস্থান ও বক্তব্য স্পষ্ট থাকা প্রয়োজন।
দ্রব্যমূল্যের প্রসঙ্গ টেনে তিনি বলেন, বিরোধী দলে থাকার সময় তারা তৎকালীন সরকারকে দায়ী করে বলতেন, সিন্ডিকেটের কারণে ভোক্তা পর্যায়ে পণ্যের দাম বাড়ছে। অথচ উৎপাদকেরা তাদের পণ্যের ন্যায্যমূল্য পাচ্ছেন না।
তিনি বলেন, এখনো দুই দিকেই সমস্যা রয়েছে। একদিকে উৎপাদকেরা ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হচ্ছেন, অন্যদিকে ভোক্তাদের অসহনীয় দামে পণ্য কিনতে হচ্ছে। অতীতের তুলনায় দ্রব্যমূল্য কিছুটা কমবেশি স্থিতিশীল অবস্থায় থাকলেও প্রশ্ন হলো, আগে দাম এত বেড়েছিল কেন এবং এখনো সিন্ডিকেট ভাঙা যাচ্ছে না কেন। এ বিষয়ে সরকারকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।
শফিকুর রহমান বলেন, সিন্ডিকেটের প্রভাব শুধু আমদানি খাতেই সীমাবদ্ধ নয়, রপ্তানি খাতেও রয়েছে। এমনিতেই বাংলাদেশের রপ্তানি পণ্যের তালিকা সীমিত; অল্প কিছু পণ্যই উল্লেখযোগ্য পরিমাণে বিদেশে রপ্তানি করা হয়। এর মধ্যে দেশের প্রধান রপ্তানি খাতও বিভিন্ন ষড়যন্ত্রের কারণে ঝুঁকির মুখে রয়েছে। এ বিষয়ে প্রধানমন্ত্রী বক্তব্য দেবেন বলেও আশা প্রকাশ করেন তিনি।
শিল্প ও শ্রমিকদের প্রসঙ্গে বিরোধীদলীয় নেতা বলেন, কোনো মালিক ব্যবসায় লোকসান করার উদ্দেশ্যে উদ্যোক্তা হন না। একইভাবে কোনো শ্রমিকও নিজের কর্মস্থল ধ্বংস করার জন্য সেখানে যুক্ত হন না। তার ভাষায়, ‘যদি শিল্প বাঁচে, তাহলে শিল্পীও বাঁচবে।’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









