প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তার পরিবারের সঙ্গে ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময় করেছেন অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস।
শনিবার (২১ মার্চ) দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ড. ইউনূসকে উষ্ণ অভ্যর্থনা জানান প্রধানমন্ত্রী। এ সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জোবায়দা রহমান, কন্যা ব্যারিস্টার জাইমা রহমান এবং স্ত্রী শর্মিলা রহমানসহ পরিবারের সদস্যরা।
বিএনপির মিডিয়া সেল থেকে জানানো হয়, সাক্ষাতে তারা একে অপরের খোঁজ-খবর নেন, সাময়িক আড্ডায় মেতে ওঠেন এবং একসঙ্গে ছবি তোলেন। এসময় জাতীয় ঐক্য, রাজনৈতিক স্থিতিশীলতা ও গণতান্ত্রিক ধারা আরও শক্তিশালী করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
ঈদের এই পবিত্র মুহূর্তে দেশবাসীর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন উভয় পক্ষ। পাশাপাশি জনগণের কল্যাণে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
এর আগে আজ সকাল সাড়ে আটটায় জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাতে অংশ নেন প্রধানমন্ত্রী। নামাজ শেষে তিনি সরাসরি প্রধানমন্ত্রীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ফিরে আসেন। সেখানে সকাল থেকেই প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে আসা সাধারণ মানুষ ও দলীয় নেতাকর্মীদের ঢল নামে। রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে আসা ব্যক্তিদের জন্য সকাল সাড়ে আটটায় মূল ফটক উন্মুক্ত করে দেওয়া হলে মুহূর্তেই পুরো এলাকা জনস্রোতে রূপ নেয়।
শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর পাশে ছিলেন তার সহধর্মিণী জুবাইদা রহমান এবং কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। পরিবারের সদস্যদের নিয়ে অত্যন্ত হাসিমুখে আগত অতিথিদের সঙ্গে হাত মেলান এবং ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন প্রধানমন্ত্রী।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









