স্বাস্থ্যবিধিবিষয়ক শিক্ষা কার্যক্রমের মাধ্যমে পাঁচ লাখ শিশুকে সচেতন করার লক্ষ্য নিয়েছে হারপিক বাংলাদেশ। এ উদ্যোগের অংশ হিসেবে শিশুদের জন্য ১০ পর্বের অ্যানিমেটেড সিরিজ ‘দীপু-তুশির হাইজিন অভিযান’ চালু করেছে প্রতিষ্ঠানটি।
বুধবার (১৮ নভেম্বর) বিশ্ব টয়লেট দিবস উপলক্ষে রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে আয়োজিত ‘হারপিক টয়লেট টক ২০২৬’ অনুষ্ঠানে এসব উদ্যোগের কথা জানানো হয়। একই সঙ্গে নিরাপদ স্যানিটেশন নিশ্চিত করা এবং সুবিধাবঞ্চিত শিশু ও তাদের পরিবারের জন্য কাজ চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছে প্রতিষ্ঠানটি।
এবারের বিশ্ব টয়লেট দিবসের বৈশ্বিক প্রতিপাদ্য ‘সেফ টয়লেট, ইকুয়াল ফিউচার’ সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন।
হারপিক বাংলাদেশের উদ্যোগে এবং ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি), ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি), সাজেদা ফাউন্ডেশন, গণ উন্নয়ন কেন্দ্র (জিইউকে) ও মজার স্কুলের সহযোগিতায় অনুষ্ঠানটি আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন রেকিট বাংলাদেশের সিনিয়র ম্যানেজার তাবাসের আহমেদ। মূল বক্তব্য উপস্থাপন করেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের (ডিপিএইচই) প্রকল্প পরিচালক মো. গোলাম মোক্তাদির।
তিনি বলেন, ‘‘স্যানিটেশন ব্যবস্থায় বাংলাদেশ উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করলেও টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন এখনো বড় চ্যালেঞ্জ। দেশে এখনো প্রায় ১০ কোটি ৯০ লাখ মানুষ নিরাপদ স্যানিটেশন সুবিধার বাইরে রয়েছে।’’
অনুষ্ঠানে শিশুদের স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতন করতে নতুন অ্যানিমেটেড সিরিজ ‘দীপু-তুশির হাইজিন অভিযান’ উদ্বোধন করা হয়। ১০ পর্বের এ সিরিজটি তৈরি করা হয়েছে হারপিকের প্রকাশিত স্বাস্থ্যবিধিবিষয়ক কমিকের পরিচিত দুই চরিত্র দীপু ও তুশিকে নিয়ে। মজার গল্পের মাধ্যমে শিশুদের ব্যক্তিগত পরিচ্ছন্নতা, টয়লেট ব্যবহারের সঠিক নিয়ম এবং স্বাস্থ্যবিধি মেনে চলার অভ্যাস গড়ে তুলতে সহায়তা করবে সিরিজটি। হারপিক বাংলাদেশের সামাজিক যোগাযোগমাধ্যমে এটি দেখা যাবে।
অনুষ্ঠানে রাজধানীর স্যানিটেশন ব্যবস্থা, বর্জ্য ব্যবস্থাপনা এবং সবার জন্য ব্যবহার উপযোগী টয়লেট নিশ্চিত করার বিষয়ে একটি প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন রেকিট বাংলাদেশের হেড অব মার্কেটিং সাবরিন মারুফ তিন্নি, ডিএসসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর মো. মাহাবুবুর রহমান তালুকদার, ডিএনসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ক্যাপ্টেন ইখতিয়ার উদ্দীন আহমেদ চৌধুরী, সাজেদা ফাউন্ডেশনের ডেপুটি সিইও মো. ফজলুল হক এবং মজার ইশকুলের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক আরিয়ান আরিফ।
আলোচনায় বক্তারা বলেন, শুধু টয়লেট ব্যবহারের সুযোগ তৈরি করলেই হবে না, পাশাপাশি নিরাপদ ও স্বাস্থ্যসম্মত স্যানিটেশন ব্যবস্থাও নিশ্চিত করতে হবে। এ জন্য সিটি করপোরেশন, উন্নয়ন সংস্থা ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
ডিএনসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ক্যাপ্টেন ইখতিয়ার উদ্দীন আহমেদ চৌধুরী বলেন, ‘‘নগরজুড়ে স্যানিটেশন সুবিধা বাড়াতে হবে। সবার জন্য উন্নত ব্যবস্থা নিশ্চিত করতে নিরাপদ, স্বাস্থ্যসম্মত ও ব্যবহার উপযোগী টয়লেটের সংখ্যা বাড়ানো প্রয়োজন।’’
রেকিট বাংলাদেশের হেড অব মার্কেটিং সাবরিন মারুফ তিন্নি বলেন, ‘‘মানুষের মধ্যে স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতনতা তৈরি এবং দৈনন্দিন অভ্যাসে দীর্ঘমেয়াদি ইতিবাচক পরিবর্তন আনতে চায় হারপিক।’’
তিনি বলেন, ‘‘হারপিকের দায়িত্ব শুধু পণ্যের প্রচারের মধ্যেই সীমাবদ্ধ নয়। স্বাস্থ্যবিধি সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা তৈরি করা, সঠিক তথ্য পৌঁছে দেওয়া এবং দৈনন্দিন অভ্যাসে ইতিবাচক পরিবর্তন আনাও আমাদের দায়িত্বের অংশ।’’
তিনি জানান, মজার গল্প ও ডিজিটাল কনটেন্ট ক্রিয়েটরদের মাধ্যমে শিশুদের কাছে স্বাস্থ্যবিধির শিক্ষা আরও সহজ ও আকর্ষণীয় করে তুলতে চান তারা। মানুষের মধ্যে স্বাস্থ্যবিধির গুরুত্ব বোঝানো এবং পরিচ্ছন্ন থাকার অভ্যাস গড়ে তোলাই তাদের মূল উদ্দেশ্য।
অনুষ্ঠানে ৩০ জনের বেশি ডিজিটাল কনটেন্ট ক্রিয়েটর অংশ নেন। তাদের মাধ্যমে স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতনতার বার্তা সারা দেশে ছড়িয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এ ছাড়া দর্শনার্থীদের জন্য স্যানিটেশন ও স্বাস্থ্যবিধিবিষয়ক বিভিন্ন অংশগ্রহণমূলক আয়োজন রাখা হয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








