বর্তমান পরিস্থিতি বিবেচনায় রাজশাহী থেকে গোপালগঞ্জগামী আন্তনগর টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনের চলাচল সীমিত করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) থেকে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ট্রেনটি গোপালগঞ্জের পরিবর্তে রাজবাড়ীর কালুখালী স্টেশন পর্যন্ত চলাচল করবে।
বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চল জোনের মহাব্যবস্থাপক (জিএম) আহম্মদ হোসেন মাসুম জানান, আপাতত ট্রেনটি রাজশাহী থেকে ছেড়ে কালুখালী পর্যন্ত যাবে। পরিস্থিতি স্বাভাবিক হলে আগের মতো গোপালগঞ্জের গোবরা স্টেশন পর্যন্ত চলাচল শুরু হবে।
রেলওয়ের সময়সূচি অনুযায়ী, টুঙ্গিপাড়া এক্সপ্রেস (৭৮৪) প্রতিদিন বিকেল ৩টা ৩০ মিনিটে রাজশাহী থেকে ছেড়ে ঈশ্বরদী, ভেড়ামারা, পোড়াদহ, কুষ্টিয়া কোর্ট, কুমারখালী, খোকসা, পাংশা ও কালুখালীসহ বিভিন্ন স্টেশন হয়ে গোবরায় পৌঁছায়। ফিরতি ট্রেনটি (৭৮৩) সকালে গোবরা থেকে ছেড়ে দুপুরে রাজশাহী পৌঁছায়।
নতুন নির্দেশনা অনুযায়ী, আপাতত কালুখালী স্টেশনেই ট্রেনটির যাত্রা শেষ হবে। ফলে রাজশাহী থেকে গোপালগঞ্জগামী যাত্রীদের কালুখালীর পরবর্তী গন্তব্যে যেতে বিকল্প পরিবহন ব্যবহার করতে হবে। পরিস্থিতি স্বাভাবিক হলে নির্ধারিত রুটে ট্রেন চলাচল পুনরায় শুরু হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








