ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে সাগর উত্তাল হয়ে ওঠায় পর্যটকদের নিরাপত্তা বিবেচনায় কক্সবাজার থেকে সেন্টমার্টিন রুটে জাহাজ চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন।
বৃহস্পতিবারের (১৯ নভেম্বর)টিকিট কেটে রাখা পর্যটকেরা আবহাওয়া স্বাভাবিক হলে একই টিকিটে সেন্টমার্টিন ভ্রমণ করতে পারবেন। আর সময়ের কারণে যাত্রা সম্ভব না হলে টিকিটের পুরো টাকা ফেরত দেওয়া হবে বলে জানিয়েছেন কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) তাসনীম জাহান।
তিনি জানান, বৈরী আবহাওয়ার কারণে বৃহস্পতিবার জাহাজ চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। আবহাওয়ার উন্নতি হলে পুনরায় জাহাজ চলাচল শুরু হবে। এ ছাড়া বৈরী আবহাওয়ার কারণে সেন্টমার্টিনে আটকে পড়া পর্যটকদের পরিস্থিতি স্বাভাবিক হলে নিরাপদে ফিরিয়ে আনা হবে। এ সময় দ্বীপে অবস্থানরত পর্যটকদের দেখভালের জন্য স্থানীয় প্রশাসনকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
সেন্টমার্টিন রুটে চলাচলকারী জাহাজমালিকদের সংগঠন স্কোয়াবের সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর বলেন, ‘‘হঠাৎ আবহাওয়া বৈরী হয়ে ওঠায় সাগরে সতর্কসংকেত জারি করা হয়েছে। সমুদ্রও উত্তাল রয়েছে। এ পরিস্থিতিতে বৃহস্পতিবারের টিকিট কাটা পর্যটকেরা আবহাওয়া ভালো হলে ওই টিকিটেই ভ্রমণ করতে পারবেন। কেউ ভ্রমণে যেতে না চাইলে টিকিটের পুরো মূল্য ফেরত দেওয়া হবে।’’
এদিকে কক্সবাজার সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্কসংকেত নামিয়ে ৩ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। একই সঙ্গে সাগরে চলাচলকারী সব ধরনের নৌযানকে নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








