মহান মুক্তিযুদ্ধের ৯ নম্বর সেক্টরের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মেজর এম এ জলিলের ৩৭তম মৃত্যুবার্ষিকী নানা আয়োজনে পালিত হয়েছে। এ উপলক্ষে বরিশালের উজিরপুরে তার স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন, দোয়া ও মিলাদ মাহফিল এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) উজিরপুর উপজেলা মেজর এম এ জলিল পরিষদের উদ্যোগে স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে তার আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকেও শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভার আয়োজন করা হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন উজিরপুর পৌর বিএনপির সহসভাপতি মো. মাইনুল আহাদ মামুন সিকদার, নুরুল ইসলাম সিকদার, মো. শামসুল হক সিকদার, আলী হোসেন রূপক, বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত শিক্ষক এম এ জাকারিয়া, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. জাহিদুল ইসলাম সোহেল, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. নুরুজ্জামান, মাইনুল হক মুকিম মাস্টার, আকবর সিকদার, ইমরান মৃধা ও ফয়সাল সিকদারসহ বিভিন্ন সংগঠনের নেতারা।
এ ছাড়া সকাল ১০টায় মেজর জলিল নূরানী মাদ্রাসায় তার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল হয়। এতে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাদ্রাসার অধ্যক্ষ হাফেজ মাওলানা মো. মিজানুর রহমান।
আলোচনা সভায় বক্তারা মুক্তিযুদ্ধে মেজর এম এ জলিলের বীরত্বপূর্ণ ভূমিকা, দেশপ্রেম এবং স্বাধীনতা-পরবর্তী রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ড স্মরণ করেন। নতুন প্রজন্মের কাছে তার সংগ্রামী জীবন ও মুক্তিযুদ্ধে অবদান তুলে ধরার ওপরও গুরুত্ব দেন তারা।
উল্লেখ্য, মেজর এম এ জলিল ১৯৪২ সালের ৯ ফেব্রুয়ারি বরিশালের উজিরপুরে জন্মগ্রহণ করেন। মুক্তিযুদ্ধে তিনি ৯ নম্বর সেক্টরের কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৮৯ সালের ১৯ নভেম্বর পাকিস্তানের ইসলামাবাদে তিনি মৃত্যুবরণ করেন। মুক্তিযুদ্ধে অসামান্য অবদান ও জাতীয় জীবনে কৃতিত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতিস্বরূপ ২০২৬ সালে তাকে মরণোত্তর স্বাধীনতা পুরস্কারে ভূষিত করা হয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








