দেশে মবতন্ত্র ও উচ্ছৃঙ্খল রাজনীতি আবার মাথাচাড়া দিয়ে উঠছে বলে মন্তব্য করেছেন যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না। তিনি বলেন, মবসন্ত্রাসের মাধ্যমে রাজনীতিতে অবস্থান তৈরি করার চেষ্টা করলে তা জনগণ ভালোভাবে নেবে না।
সোমবার (৮ জুন) রাজধানীর নয়াপল্টনে হোটেল ভিক্টরে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। যুবদলের কেন্দ্রীয় কমিটির নবনির্বাচিত নেতাদের সঙ্গে সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়।
মোনায়েম মুন্না বলেন, চটকদার কথাবার্তা বলে রাজনীতিতে দীর্ঘদিন টিকে থাকা যায় না। নেতাকর্মীদের রাজনৈতিক ভাষায় কথা বলা এবং সংগঠনের কাজের ওপর গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি। একই সঙ্গে বেফাঁস বক্তব্য থেকে বিরত থাকারও পরামর্শ দেন।
বক্তব্যের শুরুতে তিনি মহান স্বাধীনতার ঘোষক ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বিএনপির চেয়ারপারসন মরহুমা খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করেন।
তিনি বলেন, আন্দোলন-সংগ্রামে নেতাকর্মীদের অবদান বিবেচনায় নিয়েই ১৫১ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। আগের কমিটির প্রায় ১১৪ জনকে নতুন কমিটিতে রাখা হয়েছে। এছাড়া আরও প্রায় ১০০ জনকে সংযুক্ত করার পরিকল্পনাও রয়েছে, যাতে কেউ হতাশ না হন।
যুবদল সভাপতি বলেন, কমিটি গঠনে সিনিয়র-জুনিয়র বিবেচনা নয়, বরং আন্দোলনে অবদানকেই প্রাধান্য দেওয়া হয়েছে। অতীতে প্রতিকূল পরিস্থিতির কারণে সংগঠনের সামাজিক কার্যক্রম সীমিত থাকলেও ভবিষ্যতে তা বড় পরিসরে পরিচালনার পরিকল্পনা রয়েছে।
সভায় যুবদলের সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নয়ন বলেন, দলের শৃঙ্খলা রক্ষার স্বার্থে বিভিন্ন সময়ে অনেক নেতার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি সতর্ক করে বলেন, দলের সুনাম ক্ষুণ্ন হলে কাউকে ছাড় দেওয়া হবে না।
নেতাকর্মীদের উদ্দেশে তিনি আরও বলেন, দায়িত্বের অপব্যবহার না করে এমনভাবে কাজ করতে হবে, যাতে যুবদলের ভাবমূর্তি আরও উজ্জ্বল হয়।
এ সময় উপস্থিত ছিলেন যুবদলের সিনিয়র সহ-সভাপতি রেজাউল কবীর পল, সহ-সভাপতি নুরুল ইসলাম সোহেল, সাইদ ইকবাল টিটো, যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন তারেক, সাংগঠনিক সম্পাদক মো. কামরুজ্জামান জুয়েলসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









