স্থানীয় সরকার নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার বন্ধ বা খর্ব করার চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় প্রধান ডা. শফিকুর রহমান।
সরকার দেশবাসীকে দেওয়া প্রতিশ্রুতি থেকে সরে গিয়ে উল্টো পথে হাঁটছে বলেও মন্তব্য করেন তিনি।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সেমিনারে বক্তব্য দেওয়ার সময় এসব কথা বলেন জামায়াত আমির।
ডা. শফিকুর রহমান বলেন, প্রবাসীদের শুধু ‘রেমিট্যান্স যোদ্ধা’ হিসেবে আখ্যা দিলেই সরকারের দায়িত্ব শেষ হয়ে যায় না। তাদের নাগরিক অধিকার নিশ্চিত করাও সরকারের দায়িত্ব।
স্থানীয় সরকার নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার বন্ধ বা সীমিত করার কোনো উদ্যোগ নেওয়া হলে তা মেনে নেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন তিনি। তার ভাষায়, এ ধরনের সিদ্ধান্ত প্রবাসীদের প্রতি জুলুমের শামিল হবে।
মালয়েশিয়ার শ্রমবাজারে চতুর্থবারের মতো অচলাবস্থা তৈরি হওয়ার আশঙ্কা এড়াতে শ্রমবাজারের সিন্ডিকেট ভাঙার ওপর গুরুত্ব দেন জামায়াত আমির।
তিনি বলেন, বিরোধী দল ক্ষমতার জন্য নয়, জনগণের বিজয় চায়। সংসদ ও সংসদের বাইরে অন্যায় এবং জনস্বার্থবিরোধী আইনের বিরুদ্ধে তারা সোচ্চার থাকবেন।
ডিজিটাল নিরাপত্তা আইন প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, জনগণের মুখ বন্ধ করার উদ্দেশ্যে কোনো আইন করা হলে তা মেনে নেওয়া হবে না।
তিনি জনগণের অধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করার বিষয়েও গুরুত্বারোপ করেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









