ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের জন্য মেয়র প্রার্থী ঘোষণা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
সোমবার (১৮ মে) বিকেলে রাজধানীর পুরানা পল্টনে ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় দলটির আমির সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম প্রার্থীদের নাম ঘোষণা করেন।
সভায় ইসলামী আন্দোলনের আমির সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেন, ‘‘সারা দেশে স্থানীয় নির্বাচনে আমরা এককভাবে অংশগ্রহণ করব। আমরা কোনো জোটে যাবে না। ঢাকা উত্তর সিটি করপোরেশনে আমাদের প্রতিদ্বন্দ্বিতা করবেন ইসলামী যুব আন্দোলনের সভাপতি আতিকুর রহমান মুজাহিদ ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন দলের প্রচার ও দাওয়াহ সম্পাদক শেখ ফজলুল করিম মারুফ।’’
মতবিনিময় সভায় ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা ইউনুছ আহমাদ, দলীয় মুখপাত্র গাজী আতাউর রহমান, প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী আকন, যুগ্ম মহাসচিব ফজলে বারী মাসউদ, আশরাফুল আলম, সহকারী মহাসচিব আহমাদ আবদুল কাইয়ুম, সহপ্রচার সম্পাদক শরীয়াতুল্লাহ প্রমুখ।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









