পৃথিবী থেকে এক আলোকদিনের দূরত্ব অতিক্রমের মাইলফলক ছুঁয়েছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার মহাকাশযান ভয়েজার-১। পৃথিবী থেকে উৎক্ষেপণ করা অন্য কোনো মহাকাশযান এখন পর্যন্ত এই দূরত্বে পৌঁছাতে পারেনি বলে ধারণা করা হচ্ছে। আন্তনাক্ষত্রিক মহাশূন্যের প্রায় শূন্য পরিবেশে এগিয়ে চলেছে মহাকাশযানটি।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, নাসার আগাম হিসাব অনুযায়ী, বুধবার যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় ভোর ৫টা ১৬ মিনিটে ভয়েজার-১ পৃথিবী থেকে এক আলোকদিনের দূরত্বে পৌঁছায়। এক আলোকদিন বলতে আলো ২৪ ঘণ্টায় যে দূরত্ব অতিক্রম করে, সেটিকে বোঝায়। এই দূরত্ব প্রায় ১৬০০ কোটি মাইল বা ২৬০০ কোটি কিলোমিটার।
তবে মহাকাশযানটি এই দূরত্বে পৌঁছেছে কি না, তা নিশ্চিত হতে নাসার ক্যালিফোর্নিয়ায় অবস্থিত জেট প্রপালশন ল্যাবরেটরির কর্মকর্তাদের প্রায় এক দিন অপেক্ষা করতে হবে। কারণ, ভয়েজার-১ থেকে পাঠানো সংকেত পৃথিবীতে পৌঁছাতে প্রায় ২৪ ঘণ্টা সময় লাগে। এ মাইলফলক নিয়ে আলোচনা করতে বৃহস্পতিবার একটি অনুষ্ঠানের আয়োজন করেছে সংস্থাটি।
ভয়েজার প্রকল্পের ব্যবস্থাপক সুজান ডড বলেন, ‘এক আলোকদিনের দূরত্বে পৌঁছানো অসাধারণ এক অর্জন। এমন কিছু দেখার সুযোগ পাব, তা কখনো ভাবিনি।’
১৯৭৭ সালে উৎক্ষেপণ করা হয় ভয়েজার-১। এটি এখন মানুষের তৈরি সবচেয়ে দূরবর্তী বস্তু। মহাকাশযানটি ঘণ্টায় প্রায় ৩৮ হাজার মাইল বা ৬১ হাজার কিলোমিটার বেগে ছুটে চলছে।
সূর্যের তৈরি কণা ও চৌম্বকক্ষেত্রের সুরক্ষাবলয় হিসেবে পরিচিত হেলিওস্ফিয়ারের বাইরের প্রান্ত অতিক্রম করে ২০১২ সালে আন্তনাক্ষত্রিক মহাশূন্যে প্রবেশ করে ভয়েজার-১। এর যমজ মহাকাশযান ভয়েজার-২-ও ১৯৭৭ সালে উৎক্ষেপণ করা হয়েছিল। এটি ২০১৮ সালে আন্তনাক্ষত্রিক মহাশূন্যে প্রবেশ করে।
জেট প্রপালশন ল্যাবরেটরির এক প্রতিনিধি জানিয়েছেন, বিদ্যুৎ সাশ্রয়ের জন্য সাম্প্রতিক সময়ে নেওয়া বিভিন্ন পদক্ষেপের ফলে ভয়েজার-১ ও ভয়েজার-২ আরও তিন থেকে চার বছর পৃথিবীর সঙ্গে যোগাযোগ রাখতে সক্ষম হতে পারে।
ওই প্রতিনিধি বলেন, ‘তবে এই অভিযানের মূল লক্ষ্য বৈজ্ঞানিক গবেষণা। আগামী বছর উৎক্ষেপণের ৫০ বছর পূর্তি পর্যন্ত বর্তমান যন্ত্রপাতি সচল রাখার মতো পর্যাপ্ত শক্তি রয়েছে। এরপর কী হবে, তা অনুমান করা কঠিন। কারণ, মহাকাশযান দুটি প্রায় ৫০ বছরের পুরোনো। এমন অনেক কিছু ঘটতে পারে, যা আগে থেকে ধারণা করা সম্ভব নয়।’
অভিযানের শুরুর দিকে ভয়েজার-১ সৌরজগতের বৃহত্তম দুটি গ্রহ বৃহস্পতি ও শনির পাশ দিয়ে উড়ে যায়। এখনো এটি মহাকাশ থেকে বিভিন্ন বৈজ্ঞানিক তথ্য সংগ্রহ করছে। এর যন্ত্রপাতিতে আন্তনাক্ষত্রিক মহাশূন্যে থাকা অল্প পরিমাণ গ্যাসের অবিরাম কম্পনের ফলে তৈরি ক্ষীণ একটানা শব্দের অস্তিত্ব ধরা পড়েছে।
সুজান ডড বলেন, ভয়েজার থেকে চৌম্বকক্ষেত্র, মহাজাগতিক রশ্মি ও প্লাজমা তরঙ্গের ধারাবাহিক পরিমাপ পৃথিবীতে পাঠানো হচ্ছে। নাসার ডিপ স্পেস নেটওয়ার্কের বিশাল বেতার অ্যানটেনাগুলো যখন মহাকাশযানটির দিকে তাক করা হয়, তখন এসব তথ্য গ্রহণ করা সম্ভব হয়। ডিপ স্পেস নেটওয়ার্ক হলো আন্তগ্রহ মহাকাশ অভিযানে যোগাযোগের জন্য নাসার আন্তর্জাতিক বেতার অ্যানটেনা ব্যবস্থা।
ভয়েজার দুটি হেলিওপজ অতিক্রম করার পর বিজ্ঞানীরা চৌম্বকক্ষেত্রের দিক নিয়ে নতুন কিছু পর্যবেক্ষণ করেছেন। প্রত্যাশা ছিল, হেলিওপজ অতিক্রমের পর চৌম্বকক্ষেত্রের দিক আন্তনাক্ষত্রিক মহাশূন্যের দিকের সঙ্গে মিলে যাবে। কিন্তু তা ঘটেনি। বরং সূর্যের প্রভাবাধীন অঞ্চলে থাকা আগের দিকটিই বজায় রয়েছে।

সুজান ডড বলেন, চৌম্বকক্ষেত্রের এই পরিবর্তন কখন ঘটবে, তা বিজ্ঞানীরা পর্যবেক্ষণ করছেন। একই সঙ্গে সূর্যের প্রভাবও এখনো দেখা যাচ্ছে। সূর্য থেকে নির্গত শক্তিশালী কণার ঝড় বা করোনাল মাস ইজেকশন থেকে তৈরি ধাক্কা ও চাপের তরঙ্গ ভয়েজার-১ পর্যন্ত পৌঁছাচ্ছে।
তিনি বলেন, সূর্যের প্রভাব কোথায় শেষ হয় এবং প্রকৃত আন্তনাক্ষত্রিক মহাশূন্য কোথা থেকে শুরু হয়, সেই প্রশ্নের উত্তর হয়তো ভয়েজার দিতে পারবে। তবে সে জন্য মহাকাশযানটিকে আরও দীর্ঘ সময় সচল থাকতে হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









