ভূমিকা: ইন্টারনেটের জোয়ারে বাংলাদেশ
একুশ শতকের বাংলাদেশে আমরা এক অভূতপূর্ব নীরব বিপ্লবের সাক্ষী। এক দশক আগেও যেখানে ইন্টারনেট ছিল বিলাসিতা, আজ সেখানে ১৮ কোটির বেশি মানুষের দেশে ১৩ কোটিরও অধিক মানুষের হাতে ইন্টারনেটের সংযোগ। শহর থেকে বন্দর, এমনকি প্রত্যন্ত হাওড় বা পাহাড়ি জনপদেও স্মার্টফোনের নীল আলো এখন চিরচেনা দৃশ্য। ফোর-জি (4G) প্রযুক্তির সহজলভ্যতা এবং সুলভ মূল্যের স্মার্টফোন আমাদের জীবনকে সম্পূর্ণরূপে বদলে দিয়েছে। সরকারি পরিষেবার ডিজিটাল রূপান্তর বা 'ডিজিটাল বাংলাদেশ' প্রকল্পের সাফল্য আজ বিশ্বজুড়ে প্রশংসিত।
তবে এই মুদ্রার একটি উল্টো পিঠও আছে। আমরা যতদ্রুত ডিজিটাল মহাসড়কে গাড়ি চালানো শিখছি, ট্রাফিক আইন বা ব্রেক চাপার দক্ষতা তত দ্রুত অর্জন করতে পারছি না। প্রতিদিন খবরের কাগজে আমরা দেখছি সরল গৃহবধূর বিকাশের টাকা হ্যাক হচ্ছে, কিশোরী স্কুলছাত্রী সাইবার বুলিংয়ের শিকার হয়ে আত্মহত্যার পথ বেছে নিচ্ছে, কিংবা কোনো ভুয়া ফেসবুক সংবাদের জেরে সাম্প্রদায়িক দাঙ্গা বেঁধে যাচ্ছে। ইন্টারনেটের উচ্চ ব্যবহারের সাথে সাইবার সচেতনতার এই যে বিশাল ব্যবধান, তা আজ আমাদের জাতীয় নিরাপত্তার জন্য এক অশনিসংকেত।
বর্তমান প্রেক্ষাপট: ডিজিটাল সংযোগের অগ্রযাত্রা
বাংলাদেশের বর্তমান ইন্টারনেট ল্যান্ডস্কেপ পর্যালোচনা করলে দেখা যায়, আমরা মূলত একটি 'মোবাইল ফার্স্ট' দেশ। আমাদের ব্রডব্যান্ড ব্যবহারের চেয়ে মোবাইল ইন্টারনেট ব্যবহারের প্রবণতা অনেক বেশি।
• ইন্টারনেট পেনিট্রেশনের ঊর্ধ্বগতি: বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (BTRC) তথ্যমতে, দেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা এখন জনসংখ্যার প্রায় ৭০ শতাংশের কাছাকাছি। এর বড় অংশই তরুণ এবং কর্মক্ষম জনগোষ্ঠী।
• সামাজিক যোগাযোগ মাধ্যমের দাপট: ফেসবুক আমাদের কাছে এখন বিনোদনের চেয়েও বেশি কিছু—এটি অনেক ক্ষেত্রে তথ্যের একমাত্র উৎস। এর পাশাপাশি ইউটিউব এবং বর্তমানে কিশোর-কিশোরীদের মধ্যে টিকটক (TikTok) ও লাইকি (Likee) অভাবনীয় জনপ্রিয়তা পেয়েছে। ভিডিও স্ট্রিমিং এবং শর্ট-ভিডিও প্ল্যাটফর্মগুলো এখন মানুষের অলস সময়ের প্রধান সঙ্গী।
• আর্থিক অন্তর্ভুক্তির জাদুকর: বিকাশ, নগদ বা রকেটের মতো মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (MFS) বা ব্যাংকিং সেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়েছে। আজ রিকশাচালক থেকে শুরু করে বড় ব্যবসায়ী, সবাই এই ডিজিটাল লেনদেনে অভ্যস্ত। এটি আমাদের ক্যাশলেস ইকোনমির দিকে নিয়ে যাচ্ছে।
• সরকারি ডিজিটাল অবকাঠামো: জাতীয় পরিচয়পত্র, ট্রেনের টিকিট থেকে শুরু করে জন্মনিবন্ধন—সবই এখন অনলাইনে। সরকারের 'স্মার্ট বাংলাদেশ' ২০৪১-এর অভিযাত্রায় এই সেবার পরিধি আরো বাড়ছে।
মূল সংকট: সাইবার সাক্ষরতা বনাম উচ্চ ব্যবহারের ব্যবধান
ডিজিটাল সাক্ষরতা আসলে কী? সহজ কথায় বলতে গেলে, ডিজিটাল সাক্ষরতা হলো ডিজিটাল মাধ্যম ব্যবহারের সময় সম্ভাব্য বিপদ চিনতে পারা এবং সেগুলো থেকে নিজেকে ও সমাজকে নিরাপদ রাখার জ্ঞান। এটি কেবল পাসওয়ার্ড গোপন রাখা নয়, বরং তথ্যের সত্যতা যাচাই, অনলাইনে শিষ্টাচার বজায় রাখা এবং ব্যক্তিগত তথ্যের মূল্য বুঝতে পারার সক্ষমতা।
সাক্ষরতার নিম্ন হারের কারণ ও ব্যবধান: বাংলাদেশে ইন্টারনেট প্রবেশের হার বাড়লেও সাইবার জ্ঞান কেন বাড়ছে না? এর পেছনে প্রধান কারণ আমাদের প্রযুক্তিগত গ্রহণের ধরন। আমরা প্রযুক্তিকে দেখি কেবল 'বিনোদন' হিসেবে, 'উপযোগিতা' বা 'নিরাপত্তা' হিসেবে নয়।
• শহর বনাম গ্রামীণ বিভাজন: শহরে শিক্ষিত জনগোষ্ঠীর মধ্যে অন্তত সচেতনতা শুরু হয়েছে, কিন্তু গ্রামীণ এলাকায় বা নিম্ন আয়ের মানুষের কাছে ইন্টারনেট মানেই হলো ইউটিউব বা ফেসবুক। তারা মনে করেন, ইন্টারনেটে যা দেখা যায় বা শোনা যায়, তা সবই ধ্রুব সত্য।
• তথ্যের প্রধান উৎস সোসাল মিডিয়া: বাংলাদেশের একটি বিশাল অংশ মানুষ বিশ্বাস করেন যে খবরের কাগজে যা নেই, ফেসবুকে তা আছে। প্রথাগত সংবাদমাধ্যমের ওপর অনাস্থা এবং সোসাল মিডিয়ার অ্যালগরিদম মানুষকে 'ইকো চেম্বার'-এ বন্দি করে ফেলছে।
• ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী: আমাদের ফ্রিল্যান্সাররা আন্তর্জাতিক পেমেন্ট গেটওয়ে ব্যবহারে ভুল করছেন, এসএমই উদ্যোক্তারা তাদের বিজনেস পেজের নিয়ন্ত্রণ হারাচ্ছেন কেবল শক্তিশালী পাসওয়ার্ড না থাকায়। সবচেয়ে ভয়ের বিষয় হলো আমাদের বিভিন্ন ধরনের শিল্পে কর্মরত শ্রমিকরা, যারা ডিজিটাল পেমেন্টে অভ্যস্ত হলেও "গ্রাহক সেবা কেন্দ্র" থেকে আসা ভুয়া ফোন কলে নিমিষেই পিন (PIN) দিয়ে দিচ্ছেন।
ব্যবধানের ভয়াবহ পরিণতি
এই সাইবার অশিক্ষা বা ডিজিটাল মূর্খতার মাশুল দিতে হচ্ছে আমাদের সমাজ ও অর্থনীতিকে।
গুজব ও গণপিটুনি: ভুল তথ্যের ভিত্তিতে বাংলাদেশে অতীতে অনেক অপ্রীতিকর ঘটনা ঘটেছে। পদ্মা সেতুতে মানুষের মাথার প্রয়োজন- এমন একটি কুসংস্কারের ওপর ভিত্তি করে নিরপরাধ মানুষকে পিটিয়ে হত্যার ঘটনা আমাদের জাতীয় বিবেককে দংশন করে। ডিজিটাল প্লাটফর্মে একটি পোস্টের কারণেই আস্ত গ্রাম পুড়িয়ে দেয়ার মতো ভয়াবহ ঘটনাও আমরা প্রত্যক্ষ করেছি।
ডিপফেক: কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি, রাজনৈতিক নেতা থেকে শুরু করে একজন সাধারণ ব্যবহারকারীর যার উল্লেখযোগ্য অংশ নারী, এর আপত্তিকর ছবি অথবা ভিডিও তৈরি করে পোস্ট করা হচ্ছে। সাধারণ মানুষের পক্ষে আসল এবং নকল ভিডিওর পার্থক্য বোঝা প্রায় অসম্ভব হয়ে পড়েছে, যা রাজনৈতিক অস্থিরতা ও ব্যক্তিগত সম্মানহানিতে ব্যবহৃত হচ্ছে।
আর্থিক জালিয়াতি ও ফিশিং: ইমেইল বা ম্যাসেঞ্জারে আসা একটি লিংকে (যেমন: "ফ্রি এমবি পান" বা "সরকারি অনুদান") ক্লিক করলেই ব্যবহারকারীর পরিচয় চুরি হয়ে যাচ্ছে। ফিশিং বা সোসাল ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে মানুষের ব্যাংক ব্যালেন্স শূন্য করে দিচ্ছে সংঘবদ্ধ হ্যাকার চক্র।
সাইবার বুলিং ও অনলাইন হয়রানি: সাধারণ ব্যবহারকারী বিশেষ করে কিশোরী এবং নারী ইন্টারনেট ব্যবহারকারীরা প্রতিনিয়ত কুরুচিপূর্ণ মন্তব্য বা ব্যক্তিগত ছবি ছড়িয়ে দেয়ার হুমকির সম্মুখীন হচ্ছেন। সামাজিক লোকলজ্জার ভয়ে তারা অভিযোগ করেন না, যা অপরাধীদের সাহস বাড়িয়ে দেয়।
সংকটের মূলে কী রয়েছে?
আমাদের দেশের প্রেক্ষাপটে এই সমস্যার শেকড় বেশ গভীরে
• শিক্ষাক্রমের ঘাটতি: আমাদের স্কুল-কলেজের আইসিটি বইয়ে এখনো হার্ডওয়্যার বা প্রোগ্রামিং নিয়ে কিছু জ্ঞান দেয়া হলেও 'সাইবার হাইজিন' বা নিজেকে অনলাইনে নিরাপদ রাখার ব্যবহারিক শিক্ষা প্রায় নেই বললেই চলে।
• সীমিত সচেতনতামূলক প্রচারণা: বাণিজ্যিক বিজ্ঞাপনের পেছনে কোম্পানিগুলো শত কোটি টাকা ব্যয় করলেও সাইবার নিরাপত্তা নিয়ে তাদের সিএসআর (CSR) কার্যক্রম খুবই নগণ্য।
• সংস্কৃতি ও আইনি অস্পষ্টতা: সাইবার অপরাধের শিকার হলে মানুষ থানায় যেতে দ্বিধাবোধ করেন। "পুলিশ কি বুঝবে?" বা "আমার ব্যক্তিগত কথা কি গোপন থাকবে?" এই প্রশ্নগুলো মানুষকে অভিযোগ করা থেকে বিরত রাখে।
• সংবাদ যাচাইয়ে অনীহা: আমাদের সমাজে ইন্টারনেটের তথ্য যাচাই করার (Fact-checking) সংস্কৃতি এখনো গড়ে ওঠেনি। আবেগপ্রসূত হয়ে কোনো পোস্ট শেয়ার করাকে আমরা গুরুত্বপূর্ণ মনে করি।
উত্তরণের জাতীয় কৌশল: ডিজিটাল সুরক্ষার পথে
এই সংকট থেকে উত্তরণ কোনো একক পক্ষের পক্ষে সম্ভব নয়। এজন্য প্রয়োজন একটি সমন্বিত জাতীয় 'ইকোসিস্টেম'।
• প্রাথমিক স্তর থেকে ডিজিটাল নৈতিকতা: কম্পিউটার চালানো বা শেখানোর চেয়েও গুরুত্বপূর্ণ হলো কোনটি নিরাপদ এবং কোনটি অনিরাপদ তা শেখানো। নিরাপদ ইন্টারনেট ব্যবহারকে প্রাথমিক শিক্ষার পাঠ্যসূচির অবিচ্ছেদ্য অংশ করতে হবে।
• সরকারি-বেসরকারি অংশীদারত্ব : সরকার এবং বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোকে যৌথভাবে তৃণমূল পর্যায়ে সাইবার সচেতনতা ক্যাম্পেইন করতে হবে।
• টেলিকম অপারেটরদের দায়িত্ব: সিম কার্ড বিক্রির সময় প্রতিটি গ্রাহককে অন্তত ১৫ মিনিটের একটি 'ডিজিটাল সেফটি ওরিয়েন্টেশন' প্রদান করা যেতে পারে।
• কমিউনিটি পর্যায়ে কর্মশালা: ইউনিয়ন ডিজিটাল সেন্টারগুলোকে কেন্দ্র করে গ্রামীণ নারী ও বয়স্কদের জন্য নিয়মিত 'ডিজিটাল গ্রামসভা' আয়োজন করা যেতে পারে।
স্টেকহোল্ডারদের জন্য নির্দিষ্ট করণীয় :
একটি সুরক্ষিত ডিজিটাল সমাজ গড়তে বিভিন্ন স্তরের মানুষের জন্য আমাদের নির্দিষ্ট কিছু পরামর্শ রয়েছে:
ক. সরকারের প্রতি:
• একটি কেন্দ্রীয় 'সাইবার লিটারেসি কাউন্সিল' গঠন করা।
• জাতীয় হেল্পলাইন ৩৩৩ বা ৯৯৯-এর মতো সাইবার অভিযোগের জন্য একটি ডেডিকেটেড এবং সহজতর অ্যাপ ও হটলাইন শক্তিশালী করা।
• তথ্য যাচাইয়ের জন্য স্বতন্ত্র একটি 'ন্যাশনাল ফ্যাক্ট চেক' উইং তৈরি করা।
খ. ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার ও মোবাইল অপারেটরদের প্রতি:
• গ্রাহকদের ইন্টারনেট প্যাকেজ রিনিউ করার সময় প্রতি মাসে অন্তত একটি সাইবার টিপস সংবলিত মেসেজ বা পপ-আপ পাঠানো।
• প্যারেন্টাল কন্ট্রোল এবং ফিশিং প্রোটেকশন ফিল্টার ডিফল্টভাবে যুক্ত করা।
গ. শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতি:
• শিক্ষার্থীদের জন্য বাধ্যতামূলক 'ডিজিটাল এথিক্স' কোর্স চালু করা।
• স্কুলগুলোতে 'সাইবার সেফটি উইক' পালন করা।
ঘ. অভিভাবকদের প্রতি:
• সন্তানের ডিভাইসের ওপর 'গুপ্তচরবৃত্তি' না করে বন্ধুসুলভভাবে তাদের অনলাইনের জগৎ সম্পর্কে ধারণা দিন।
• ইন্টারনেট ব্যবহারের একটি সুনির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করে দিন।
ঙ. ব্যক্তিগত ব্যবহারকারীদের প্রতি:
• টু-ফ্যাক্টর অথেন্টিকেশন (2FA): এটি আপনার অ্যাকাউন্টের দ্বিতীয় বর্ম। পাসওয়ার্ড জানলেও কেউ আপনার অ্যাকাউন্টে ঢুকতে পারবে না।
• সন্দেহপ্রবণ হোন: লটারি জয় বা বিনামূল্যে উপহারের লিংকে ক্লিক করার আগে চিন্তা করুন, কেন কেউ আপনাকে বিনামূল্যে কিছু দেবে?
উপসংহার
পরিশেষে বলতে পারি, আমরা যখন একটি 'স্মার্ট বাংলাদেশ' গড়তে চাই, তখন আমাদের মনে রাখতে হবে সচেতনতাহীন ডিজিটাল প্রবৃদ্ধি আসলে একটি তাসের ঘর। সাইবার সাক্ষরতা কেবল কোনো প্রযুক্তিগত জ্ঞান নয়, এটি এখন আমাদের জাতীয় নিরাপত্তার অংশ এবং একটি মৌলিক মানবাধিকার। ডিজিটাল অবকাঠামোর পেছনে যে পরিমাণ অর্থ ব্যয় করা হয়, তার একটি উল্লেখযোগ্য অংশ যদি জনসচেতনতায় ব্যয় করা না হয়, তবে আমাদের বিশাল ইন্টারনেট ব্যবহারকারী জনগোষ্ঠী জাতীয় উন্নয়নের পরিবর্তে বোঝা হয়ে দাঁড়াতে পারে। সময় এসেছে ইন্টারনেটের এই জোয়ারকে সচেতনতার বাঁধ দিয়ে নিয়ন্ত্রণ করার। কারণ একটি ভুল ক্লিকের মাশুল হতে পারে একটি জীবন বা একটি জাতির সম্মান। স্মার্ট বাংলাদেশের মূল কারিগর হবে আমাদের তরুণ প্রজন্ম। তাদের হাতে স্মার্টফোন থাকুক, কিন্তু সাথে থাকুক সাইবার নিরাপত্তার দুর্ভেদ্য ঢাল। এই পথেই আমরা পৌঁছাব এক নিরাপদ, বৈষম্যহীন এবং সমৃদ্ধ ডিজিটাল বাংলাদেশে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









