সম্মিলিত পাঁচ ইসলামী ব্যাংকের আমানতকারীদের আমানত ফেরত দেওয়ার বিষয়ে আগামী এক থেকে দুই সপ্তাহের মধ্যেই উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান।
শুক্রবার (১২ জুন) বিকেলে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ২০২৬-২৭ অর্থবছরের বাজেটোত্তর সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
গভর্নর বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে নানা গুজব ছড়ানো হলেও বাস্তবে সম্মিলিত ইসলামী ব্যাংকগুলোর কার্যক্রম বন্ধ হয়নি। বাংলাদেশ ব্যাংক এ বিষয়ে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে।
তিনি জানান, গত ২৪ ফেব্রুয়ারি দায়িত্ব গ্রহণের পরপরই সংশ্লিষ্ট ব্যাংকগুলোর ব্যবস্থাপনায় পরিবর্তন আসে। চেয়ারম্যান পদত্যাগের পর নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগ প্রক্রিয়া শুরু করা হয়। প্রাথমিকভাবে একজন দায়িত্ব নিতে অপারগতা প্রকাশ করলে নতুন করে নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়, যার আবেদনের শেষ সময় ছিল ২৫ মার্চ।
পরবর্তীতে যাচাই-বাছাই শেষে একজন এমডি নিয়োগ দেওয়া হয় এবং মে মাসের মধ্যে এ প্রক্রিয়া সম্পন্ন হয়। সর্বশেষ গত মঙ্গলবার ব্যাংকগুলোর বোর্ড সভা অনুষ্ঠিত হয়েছে বলেও জানান তিনি।
গভর্নরের ভাষ্য, “আমরা বসে থাকিনি, ধারাবাহিকভাবে কাজ করেছি। খুব শিগগিরই আমানত ফেরতের বিষয়ে দৃশ্যমান অগ্রগতি দেখা যাবে।”
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন— অর্থমন্ত্রী ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ (টুকু), তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন, শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, কৃষি, মৎস্য ও পানি সম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ, অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা রেহান আসিফ আসাদ, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি, বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান এবং প্রধানমন্ত্রীর বিনিয়োগ ও পুঁজিবাজারবিষয়ক বিশেষ সহকারী তানভীর গনি।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









