দীর্ঘ বিরতির পর আবারও ব্রাজিল দলে ফিরছেন নেইমার। স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়েই তার মাঠে ফেরার সম্ভাবনা, তবে ঠিক কতক্ষণ খেলবেন—তা নিয়ে স্পষ্ট কিছু জানাতে চাননি ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি।
ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে আনচেলত্তি বলেন, নেইমার শারীরিকভাবে প্রস্তুত এবং অনুশীলনেও দারুণ পারফর্ম করেছেন। তিনি জানান, ‘নেইমার ভালো অবস্থায় আছে। সে কঠোর পরিশ্রম করেছে এবং ম্যাচ খেলার জন্য প্রস্তুত। তার উপস্থিতি দলকে অনেক কিছু দেবে।’
তবে এক মাসের বেশি সময় মাঠের বাইরে থাকা এবং প্রায় তিন বছর জাতীয় দলের হয়ে না খেলার বিষয়টি বিবেচনায় রেখে তাকে কতক্ষণ খেলানো হবে—সে প্রশ্নে সরাসরি কিছু বলেননি এই ইতালিয়ান কোচ। যদিও ইঙ্গিত দিয়েছেন, প্রয়োজন হলে নেইমার পুরো ৯০ মিনিট খেলতেও সক্ষম।
২০২৩ সালের অক্টোবরে চোট পাওয়ার পর জাতীয় দল থেকে ছিটকে যান নেইমার। সর্বশেষ গত ১৭ মে সান্তোসের হয়ে খেলতে গিয়ে আবারও চোটে পড়েন তিনি। সব বাধা কাটিয়ে এবার ফিরছেন ব্রাজিলের জার্সিতে।
‘সি’ গ্রুপে দুই ম্যাচ শেষে শীর্ষে থাকা ব্রাজিলের জন্য স্কটল্যান্ড ম্যাচটি গুরুত্বপূর্ণ হলেও তুলনামূলক স্বস্তির। তবে সব নজর এখন এক জায়গায়—নেইমারের প্রত্যাবর্তন।
বাংলাদেশ সময় বৃহস্পতিবার ভোর ৪টায় স্কটল্যান্ডের মুখোমুখি হবে ব্রাজিল। আর সেই ম্যাচ দিয়েই দীর্ঘ অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে ব্রাজিলের নাম্বার টেনের।
ব্রাজিলের সম্ভাব্য একাদশ: আলিসন, দানিলো, মার্কিনিয়োস, গ্যাব্রিয়েল মাগালায়েস, ডগলাস সান্তোস, কাসেমিরো, ব্রুনো গিমারায়েস, লুকাস পাকেতা, রায়ান, ম্যাথিউস কুনিয়া ও ভিনিসিয়ুস জুনিয়র।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









