বিশ্বকাপের নকআউট পর্বে একটি ছোট ভুলও বিদায়ের কারণ হতে পারে—এ বিষয়টি ভালোভাবেই জানেন ব্রাজিলের প্রধান কোচ কার্লো আনচেলত্তি। তাই জাপানের বিপক্ষে শেষ ষোলোর গুরুত্বপূর্ণ ম্যাচের আগে কোনো ধরনের আত্মতুষ্টিতে ভুগতে চান না তিনি।
ম্যাচের আগে সবচেয়ে আলোচিত প্রশ্ন ছিল, তারকা ফরোয়ার্ড নেইমারকে কি এবার শুরুর একাদশে দেখা যাবে? তবে আনচেলত্তির বক্তব্যে ইঙ্গিত মিলেছে, জাপানের বিপক্ষেও শুরু থেকে মাঠে নামার সম্ভাবনা কম নেইমারের।
সংবাদ সম্মেলনে ব্রাজিল কোচ জানান, নেইমারের শারীরিক অবস্থার যথেষ্ট উন্নতি হয়েছে। তবে তিনি কতক্ষণ খেলবেন, তা নির্ভর করবে ম্যাচের পরিস্থিতির ওপর।
৯৮১ দিন পর স্কটল্যান্ডের বিপক্ষে ব্রাজিলের শেষ গ্রুপ ম্যাচে জাতীয় দলে ফিরেছিলেন নেইমার। ওই ম্যাচে দ্বিতীয়ার্ধে নেমে ১৫ মিনিট খেলেছিলেন তিনি। জাপানের বিপক্ষে তার খেলার সময় আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
এ বিষয়ে আনচেলত্তি বলেন, “নেইমার খুব ভালোভাবে নিজেকে প্রস্তুত করছে। গত এক সপ্তাহে সে অনেক উন্নতি করেছে। দুর্ভাগ্যবশত, পুরো সময় সে আমাদের সঙ্গে অনুশীলন করতে পারেনি। তবে এখন সে ১৫ মিনিটের চেয়ে বেশি সময় খেলার জন্য সম্পূর্ণ প্রস্তুত।”
এদিকে স্কটল্যান্ডের বিপক্ষে ফরোয়ার্ড মাতেউস কুনিয়াকে নির্দিষ্ট কোনো পজিশনে না খেলানোর সিদ্ধান্ত কার্যকর হয়েছে বলেও মনে করেন ব্রাজিল কোচ।
আনচেলত্তি বলেন, “শেষ ম্যাচে কুনিয়াকে নির্দিষ্ট কোনো পজিশনে না রাখাটা আমাদের বাড়তি সুবিধা দিয়েছে। প্রতিপক্ষ যাতে সহজে আমাদের কৌশল বুঝতে না পারে, সে জন্য খেলোয়াড়দের নিয়মিত পজিশন পরিবর্তন করা জরুরি। ব্রুনো, পাকেতা ও কুনিয়া গত দুই ম্যাচে এই পরিকল্পনা দারুণভাবে বাস্তবায়ন করেছে।”
আজকের ম্যাচে জাপানকে হারাতে পারলে শেষ ষোলোর বাধা পেরিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা নিশ্চিত করবে ব্রাজিল। সেক্ষেত্রে আগামী রোববার শেষ আটের লড়াইয়ে তাদের প্রতিপক্ষ হবে নরওয়ে অথবা আইভরিকোস্ট।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









