টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে খেলতে রাজি না হওয়ায় বাংলাদেশকে সমর্থন দিয়ে ভারতের সাথে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। বিশ্বকাপে ভালো কিছু করার প্রত্যাশায় পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়ক সালমান আগা এক সংবাদ সম্মেলনে বাংলাদেশকে পাকিস্তানের ভাই বলে সম্বোধন করে ভক্তদের সমর্থন চেয়েছেন।
আইসিসি অধিনায়কদের সংবাদ সম্মেলনের দ্বিতীয় সেশনে সালমান পাকিস্তানকে সমর্থন দেওয়ার কারণে বাংলাদেশকে ধন্যবাদ দেন এবং বিশ্বকাপ থেকে বাদ পড়ায় হতাশা প্রকাশ করেন।
পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়ক বলেন, ‘হ্যাঁ, তারা আমাদের ভাই। আমাদের সমর্থন দেওয়ার কারণে তাদেরকে অনেক ধন্যবাদ। তারা বিশ্বকাপে খেলছে না, এটা দেখা সত্যিই দুঃখজনক। আশা করি তারা টুর্নামেন্টেও আমাদের সমর্থন দিয়ে যাবে।’
ভারতের সঙ্গে ম্যাচ বয়কট প্রসঙ্গে সালমান বলেন, ‘এই সিদ্ধান্ত বোর্ডের নয়, তাদের সরকারের। এটা দলের নিয়ন্ত্রণে নেই। ভারতের বিপক্ষে খেলা আমাদের নিয়ন্ত্রণে নেই। এটা সরকার এবং পিসিবির সিদ্ধান্ত। আমরা সেটাকে সম্মান জানাই। তারা যে সিদ্ধান্ত নেবে, আমরা মেনে চলব।’
নকআউট পর্বে ভারতের মুখোমুখি হওয়ার সম্ভাবনা নিয়ে তিনি বলেন, ‘সেমিফাইনাল বা ফাইনালে যদি আবার তাদের বিপক্ষে আমাদের খেলতে হয়, আমরা তাদের (পিসিবি ও সরকার) পরামর্শ জানতে চাইব।’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









