পায়ের চোট কাটিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের দলে ফিরেছেন অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটার লিটন কুমার দাস।
শনিবার (১ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বাম পায়ের কাফের ইনজুরির কারণে লিটন প্রথমে অস্ট্রেলিয়া সফরের প্রথম টেস্টের দলে জায়গা পাননি। এরই মধ্যে বাংলাদেশ দলের প্রথম বহর দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে অস্ট্রেলিয়ার উদ্দেশে রওনা হয়েছে। তবে পুনর্বাসন প্রক্রিয়ায় দ্রুত সুস্থ হয়ে ওঠায় শেষ মুহূর্তে তাকে স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়েছে।
বিসিবি জানিয়েছে, গত জুন মাস থেকে চোটের কারণে মাঠের বাইরে ছিলেন ৩১ বছর বয়সী এই ব্যাটার। পুনর্বাসনে সন্তোষজনক অগ্রগতি হওয়ায় তাকে প্রথম টেস্টের জন্য বিবেচনায় নেওয়া হয়েছে।
রোববার (২ আগস্ট) অস্ট্রেলিয়ার ডারউইনের উদ্দেশে দেশ ছাড়বেন লিটন। সেখানে গিয়ে তিনি বাংলাদেশ দলের সঙ্গে যোগ দেবেন এবং প্রথম টেস্টের প্রস্তুতিতে অংশ নেবেন।
লিটনের দলে ফেরায় প্রথম টেস্টের আগে বাংলাদেশের ব্যাটিং বিভাগে অভিজ্ঞতার পাশাপাশি বাড়তি আত্মবিশ্বাসও যোগ হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









