টি-টোয়েন্টি বিশ্বকাপে নেদারল্যান্ডসের বিপক্ষে ৮৩.৩৩ স্ট্রাইক রেট ১৮ বলে মাত্র ১৫ রান করেন বাবর আজম। এতেই তার ব্যাটিং নিয়ে শুরু হয়েছে তীব্র সমালোচনা। এমন ব্যাটিংয়ে ক্ষুব্ধ হয়ে আগামীকাল যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচে বাবরকে একাদশ থেকে বাদ দেওয়ার দাবি তুলেছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা।
ইউটিউব অনুষ্ঠান 'দ্য গেম প্ল্যান'-এ সাবেক পাকিস্তানি ক্রিকেটার বাসিত আলি বলেন, 'আমার অনুভূতি বলছে পরের ম্যাচে বাবর খেলবে না। কোচ মাইক হেসনের মুখে যে হতাশা দেখেছি, তাতে মনে হয় না তাকে আবার চার নম্বরে দেখা যাবে। টেস্ট ও ওয়ানডেতে বাবর সুপারস্টার হতে পারে, কিন্তু টি-টোয়েন্টিতে সে কীভাবে সুপারস্টার?'
বাবরের টি-টোয়েন্টি সক্ষমতা নিয়ে প্রশ্ন তোলে বাসিত জানিয়েছেন, যে ব্যাটারকে নিয়মিত পজিশন থেকে নামিয়ে দিতে হয়, ম্যানেজমেন্টও যার সঠিক ব্যাটিং পজিশন নির্ধারণ করতে পারে না, সে কীভাবে এই ফরম্যাটে উপযুক্ত হয়?
স্কোয়াডের অন্য ক্রিকেটারদের বাবরের চেয়ে এগিয়ে রেখে এই সাবেক তারকা বলেন, ‘শাদাব খান, উসমান খান, মোহাম্মদ নেওয়াজ, ফাহিম আশরাফ, শাহিবজাদা ফারহান ও সাইম আইয়ুব-সবাই টি-টোয়েন্টিতে বাবরের চেয়ে কার্যকর। এমনকি সালমান আগাও তিন নম্বরে বেশি উপযোগী প্রমাণিত হয়েছেন।’
একই অনুষ্ঠানে সাবেক উইকেটকিপার কামরান আকমল বলেন, 'ম্যানেজমেন্ট জোর করে বাবরকে চার নম্বরে ফিট করাতে চাইছে। কোনো সুস্পষ্ট পরিকল্পনা নেই বলেই নেদারল্যান্ডসের মতো দলের বিপক্ষেও পাকিস্তান এমন চাপে পড়ে।'
আলোচনার একপর্যায়ে বাসিত আলি প্রশ্ন তোলেন, '১০-এর বেশি রান রেট দরকার এমন কোনো ম্যাচ কি বাবর আমাদের জিতিয়ে দিয়েছে?' পাশাপাশি তিনি অভিযোগ করেন, বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানকে অতিরিক্ত সুযোগ দেওয়ায় অন্য ক্রিকেটাররা অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাচ্ছেন না।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









