টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে কলম্বোতে ওমানের বিপক্ষে ৮ উইকেটের বড় ব্যবধানে জিতে এবারের আসরে উড়ন্ত সূচনা করলো জিম্বাবুয়ে।
সোমবার (৯ ফেব্রুয়ারি) কলম্বোতে ৮ উইকেট ও ৩৯ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় রোডেশীয়রা।
কলম্বোতে টস জিতে ওমানকে ব্যাট করার আমন্ত্রণ জানান জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজা। ব্যাটিংয়ে নেমে জিম্বাবুয়ের বোলারদের সামনে দাঁড়াতেই পারেননি ওমানের ব্যাটাররা। শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে তারা। শেষ পর্যন্ত চাপ সামলে উঠতে পারেনি ওমান। ফলে ১০৩ রানে গুটিয়ে যায় তাদের ইনিংস।
ওমানের হয়ে সর্বোচ্চ ২৮ রান করেন ভিনায়েক শুক্লা। তিনি ২১ বল খেলে চারটি চারের সাহায্যে এই রান করেন। সুফিয়ান মাহমুদ ৩৯ বল খেলে দুই চারে ২৫ ও নাদিম খান ১৮ বলে একটি করে চার ও ছয়ে ২০ রান করেন। বাকি ব্যাটারদের কেউই দুই অঙ্কের ঘর স্পর্শ করতে পারেননি।
জিম্বাবুয়ের হয়ে সর্বোচ্চ তিনটি করে উইকেট নেন রিচার্ড এনগারাভা, ব্লেসিং মুজারাবানি ও ব্রাড ইভান্স।
জবাবে রান তাড়া করতে নেমে ৩০ রানে দুই উইকেট হারায় জিম্বাবুয়ে। ১১ বলে দুই চারে ২১ রানে তাদিওয়ানাসে মারুমানি ও শূন্যরানে ডিওন মেয়ার্স আউট হন।
এরপর ব্রায়ান বেনেট ও ব্রেন্ডেন টেইলর মিলে গড়েন অপ্রতিরোধ্য ৬৮ রানের জুটি। ৩০ বলে তিন চারে ৩১ রান করে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন টেইলর। পরে দলনেতা সিকান্দার রাজাকে নিয়ে জয় নিশ্চিত করেন বেনেট। ৩৬ বলে ৭ চারে ৪৮ রানে বেনেট ও ৫ রানে রাজা অপরাজিত থাকেন।
ওমান: ১৯.৫ ওভারে ১০৩ (শুক্লা ২৮, সুফিয়ান ২৫, নাদিম ২০; মুজারাবানি ৩/১৬, এনগারাভা ৩/১৭, ইভান্স ৩/১৮)।
জিম্বাবুয়ে: ১৩.৩ ওভারে ১০৬/২ (বেনেট ৪৮*, টেলর ৩১* আহত অবসর, মারুমানি ২১; সুফিয়ান ২/১২)।
ফল: জিম্বাবুয়ে ৮ উইকেট জয়ী। ম্যান অব দ্য ম্যাচ: ব্লেসিং মুজারাবানি।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









