চোটের দুর্ভাগ্য যেন পিছুই ছাড়ছে না ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়রের। ডান উরুর পেশিতে চোট পাওয়ায় চার থেকে আট সপ্তাহ, অর্থাৎ প্রায় দুই মাস মাঠের বাইরে থাকতে হতে পারে ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ডকে। ব্রাজিলের সংবাদমাধ্যম ‘গ্লোবো’র প্রতিবেদনে এমনটাই জানানো হয়েছে।
বৃহস্পতিবার কোপা দো ব্রাজিলের ম্যাচে পালমেইরাসের বিপক্ষে খেলার সময় উরুতে অস্বস্তি অনুভব করেন নেইমার। পরদিন করা পরীক্ষায় তার ডান উরুর রেক্টাস ফেমোরিস পেশিতে টাইপ ২বি চোট ধরা পড়ে। এ ধরনের চোট থেকে পুরোপুরি সেরে উঠতে সাধারণত চার থেকে আট সপ্তাহ সময় লাগে।
সান্তোসে ফেরার পর থেকেই বারবার চোটে পড়ছেন নেইমার। গত বছরের জানুয়ারিতে শৈশবের ক্লাবে ফেরার পর বাম উরু, একই ডান রেক্টাস ফেমোরিস, বাম হাঁটুর মেনিস্কাস ও ডান কাফে চোট পেয়েছেন তিনি। সবশেষ চোটের আগেও এবং বিশ্বকাপ চলাকালেও কাফের সমস্যায় ভুগেছিলেন এই তারকা।
সান্তোসের জন্য দুশ্চিন্তার বিষয় হলো, চোট থেকে অনুমিত সময়ের মধ্যে খুব কমই মাঠে ফিরতে পেরেছেন নেইমার। বরং বেশিরভাগ সময়ই প্রত্যাশিত সময়ের চেয়ে বেশি সময় মাঠের বাইরে কাটাতে হয়েছে তাকে। তাই এবারও তার চিকিৎসা ও পুনর্বাসনে কোনো ধরনের তাড়াহুড়ো করতে চাইছে না ক্লাবটি।
ব্রাজিলিয়ান চ্যাম্পিয়নশিপে অবনমন এড়ানোর লড়াইয়ে থাকা সান্তোসের জন্য নেইমারের চোট বড় ধাক্কা। ৬ সেপ্টেম্বর ইন্টারন্যাসিওনালের বিপক্ষে পরবর্তী লিগ ম্যাচে তাকে পাওয়া যাবে না। একই সঙ্গে কোপা সুদামেরিকানার কোয়ার্টার ফাইনালেও দলের সেরা তারকাকে ছাড়াই খেলতে হবে সান্তোসকে।
পালমেইরাসের বিপক্ষে ম্যাচে নেইমারের পাশাপাশি আরও দুই গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে হারিয়েছে সান্তোস। ডান গোড়ালির মচকে যাওয়ায় ইন্টারন্যাসিওনালের বিপক্ষে খেলতে পারবেন না ডিফেন্ডার লুকাস ভেরিসিমো। আরেক ফরোয়ার্ড আলভারো বারেয়ালের বাম উরুর বাইসেপস ফেমোরিস পেশিতে টাইপ ২এ চোট ধরা পড়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









