বোলারদের দুর্দান্ত নৈপুণ্যে নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ জয় দিয়ে শুরু করল সফরকারী দক্ষিণ আফ্রিকা।
রবিবার (১৫ মার্চ) মাউন্ট মঙ্গানুইয়ে সিরিজের প্রথম ম্যাচে প্রোটিয়ারা ৭ উইকেটে হারিয়েছে কিউইদের। প্রথমে ব্যাট করে ৯১ রানে অলআউট হয় কিউইরা। জবাবে ৩ উইকেটে ৯৩ রান তুলে ২০ বল বাকী রেখে জয়ের স্বাদ পায় প্রোটিয়ারা।
টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ড। দক্ষিণ আফ্রিকার দুই পেসার জেরাল্ড কোয়েৎজি ও ওটনিল বার্টমানের বোলিং তোপে ৩৬ রানে ৫ উইকেট হারায় তারা। এরমধ্যে দু’টি করে উইকেট ভাগাভাগি করেন কোয়েৎজি ও বার্টমান। আউট হওয়া পাঁচ ব্যাটারের মধ্যে মাত্র একজন দুই অংকে পা রাখতে পারেন। বেভন জ্যাকস ১০ রান করেন।
খাদের কিনারায় পড়ে যাওয়া নিউজিল্যান্ডকে টেনে তোলার চেষ্টা করেন জেমস নিশাম, অধিনায়ক মিচেল স্যান্টনার ও কোলে ম্যাকোঞ্চি। স্যান্টনারের সাথে ১৮ ও ম্যাকোঞ্চিকে নিয়ে ২৬ রান যোগ করেন নিশাম।
ইনিংসের মাঝের ওভারে দক্ষিণ আফ্রিকার পেসার এনকোবানি মোকোয়েনার বোলিং দৃঢ়তায় ১৪.৩ ওভারে ৯১ রানে অলআউট হয় নিউজিল্যান্ড। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এটি নিউজিল্যান্ডের দ্বিতীয় সর্বনিম্ন দলীয় রান। নিউজিল্যান্ডের হয়ে নিশাম সর্বোচ্চ ২৬ ও স্যান্টনার ও ম্যাকোঞ্চি ১৫ রান করে করেন।
অভিষেক ম্যাচ খেলতে নেমে ৩.৩ ওভার বল করে ২৬ রানে ৩ উইকেট শিকার করেন মোকোয়েনা। এছাড়া কোয়েৎজি-বার্টমান ও অধিনায়ক কেশব মহারাজ ২টি করে উইকেট শিকার করেন।
জবাবে টনি ডি জর্জি ২ ও রুবিন হারমান ৭ রানে আউট হলে শুরুতে চাপে পড়ে দক্ষিণ আফ্রিকা। ২৮ রানে ২ উইকেট হারায় তারা। তৃতীয় উইকেটে জেসন স্মিথকে নিয়ে ২৭ ও চতুর্থ উইকেটে ডিয়ান ফরেস্টারের সাথে অবিচ্ছিন্ন ৩৮ রান যোগ করে দক্ষিণ আফ্রিকার জয় নিশ্চিত করেন অভিষিক্ত কনর ইস্টারহুইজেন।
স্মিথ ১০ রানে থামলেও, দুইটি করে চার ও ছক্কায় ৪৫ বলে ৪৮ রান করে অপরাজিত ছিলেন কনর ইস্টারহুইজেন। ডিয়ান ফরেস্টার অপরাজিত ছিলেন ২৫ বলে ১৬ রান করে। ম্যাচ সেরা হন মোকোয়েনা।
কিউইদের হয়ে ৪ ওভারে ৮ রান দিয়ে ১ উইকেট শিকার করেন মিচেল স্যান্টনার।
আগামী ১৭ মার্চ হ্যামিল্টনে সিরিজের দ্বিতীয় ম্যাচ খেলতে নামবে নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









