স্বীকৃত টি-টোয়েন্টি ক্রিকেটে একই দিনে দুটি বড় মাইলফলক স্পর্শ করলেন ইংল্যান্ডের জশ বাটলার ও অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েল। বাটলার বিশ্বের পঞ্চম ব্যাটার হিসেবে ১৪ হাজার রানের ক্লাবে এবং ম্যাক্সওয়েল ১৬তম ব্যাটার হিসেবে ১১ হাজার রানের ক্লাবে নাম লিখিয়েছেন।
রবিবার (১২ এপ্রিল) ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) লক্ষ্মৌ সুপার জায়ান্টাস ও গুজরাট টাইটান্সের ম্যাচে গুজরাটের হয়ে ৩৭ বলে ৬০ রান করেন বাটলার। এই ইনিংস খেলার পথে টি-টোয়েন্টিতে পঞ্চম ও ইংল্যান্ডের দ্বিতীয় ব্যাটার হিসেবে ১৪ হাজার রান পূর্ণ করেন তিনি। এতে ৪৯৭ ম্যাচে তার ১৪ হাজার ২১ রান।
বাটলারের আগে টি-টোয়েন্টিতে ১৪ হাজার পূর্ণ করেছেন ওয়েস্ট ইন্ডিজের দুই ক্রিকেটার ক্রিস গেইল (১৪৫৬২) ও কাইরন পোলার্ড (১৪৪৮২) এবং ইংল্যান্ডের অ্যালেক্স হেলস (১৪৪৪৯)।
গতকাল পিএসএলের ২১তম ম্যাচে খেলতে নেমেছিল ইসলামাবাদ ইউনাইটেড ও হায়দারাবাদ কিংসম্যান। ইসলামাবাদের বিপক্ষে ব্যাট হাতে ৯ বলে ২১ রান করে টি-টোয়েন্টিতে ১১ হাজার রানের ক্লাব নাম লেখান হায়দারাবাদের ম্যাক্সওয়েল।
বিশ্বের ১৬তম ও অস্ট্রেলিয়ার তৃতীয় ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টিতে ১১ হাজার রান পূর্ণ করেন ম্যাক্সওয়েল। এর আগে অস্ট্রেলিয়ার হয়ে প্রথম ১১ হাজার রানের মালিক হন ডেভিড ওয়ার্নার। এরপর সেই তালিকায় যুক্ত হন সাবেক অধিনায়ক অ্যারন ফিঞ্চ। এতে ম্যাক্সওয়েল ৫০৫ ম্যাচে ১১ হাজার ৯ রান করেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









