কক্সবাজারের ইনানীতে ‘টুপটুপ’ রিসোর্টে অগ্নিকাণ্ডের ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে কান্নায় ভেঙে পড়া এক নারীকে বলতে শোনা যায়- ‘আমার সাইফকে আইন্না দাও।’ ওই নারী পর্যটক পূজার বন্ধে তার পরিবার নিয়ে কক্সবাজার ঘুরতে এসেছেন বলে জানা গেছে।
গতকাল শনিবার সকাল সাড়ে ৭টার দিকে মেরিনড্রাইভের পাটোয়ারটেক সমুদ্রসৈকত এলাকার টুপটুপ রিসোর্টে এ অগ্নিকাণ্ড ঘটে।
ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ওই নারী ‘সাইফ’ নামের একজনকে বারবার ডাকছেন এবং বলছেন, ‘আমার সাইফকে আইন্না দাও।’ তবে সাইফ তার কে, তিনি বেঁচে আছেন কিনা- তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। ওই ঘটনায় সবশেষ পর্যন্ত ১০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
আগুনে যারা অঙ্গার হয়েছেন তাদের মধ্যে ঢাকার বনশ্রীর বাসিন্দা আশিকুল নামে এক ব্যক্তির পরিবারের ৬ সদস্য রয়েছেন। তারা হলেন- ফারিয়া কবির (৩৩), নাফিস ইবতে হামিদ (২৪), পাঁচ বছর বয়সী ফাইজান, মিথিলা মেহজাবিন (২৩), লাইলা জাহান নাবিলা (২৪) ও মালিহা (২৮)। এছাড়া নাসিমা আক্তার মুক্তা (২৮) নামে একজন নিখোঁজ রয়েছেন।
দুপুরে ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোরশেদ সাংবাদিকদের বলেন, ‘আমরা প্রথম দিকে ছয়টি মরদেহ উদ্ধার করেছি। এছাড়া আহত ছয়জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছি। এর মধ্যে দু’জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। পরবর্তীতে আরো চারজনের মরদেহ উদ্ধার করা হয়। তাদের মধ্যে একজন পুরুষ, দুইজন নারী ও এক শিশু রয়েছে।’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









