রাজধানীর মাতুয়াইল মাদ্রাসা বাজার এলাকার একটি বাস গ্যারেজে অগ্নিকাণ্ডে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের পরিবহনে ব্যবহৃত ‘নোঙ্গর’ বাসের প্রায় অর্ধেক পুড়ে গেছে।
রবিবার (১৮ অক্টোবর) সকালে এ ঘটনা ঘটে। এতে বাসটির ভেতরের আসনও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে হতাহতের খবর পাওয়া যায়নি।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, নরসিংদী রুটে চলাচলকারী বাসটি রং করা ও মেরামতের জন্য শনিবার গ্যারেজে নেওয়া হয়েছিল। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, গ্যারেজে থাকা অন্য একটি বাসে আগুন লাগার পর তা জবির বাসে ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন।
বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক তারেক বিন আতিক বলেন, পূজার ছুটিতে বাসটির মেরামতকাজ করার পরিকল্পনা ছিল। অন্য একটি বাসের আগুন থেকে জবির বাসটি ক্ষতিগ্রস্ত হয়েছে। গ্যারেজ কর্তৃপক্ষ ক্ষয়ক্ষতির দায় বহন করবে বলে জানিয়েছে।
তিনি আশা প্রকাশ করেন, ছুটির মধ্যেই বাসটির মেরামতকাজ শেষ হবে। তবে মেরামত না হওয়া পর্যন্ত নরসিংদী রুটে শিক্ষার্থীদের পরিবহনসেবা ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









