ইরানের হরমুজ প্রণালির পূর্বাঞ্চলে সমুদ্রের মাইনে আঘাত লেগে একটি তেলবাহী ট্যাংকারে আগুন ধরে গেছে। এতে জাহাজটি চলাচলের অযোগ্য হয়ে পড়ে বলে জানিয়েছে ইরানের নৌবাহিনী।
শনিবার (১৪ নভেম্বর) ইরানের নৌবাহিনীর এক বিবৃতির বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সি এ তথ্য জানিয়েছে।
বিবৃতিতে বলা হয়, শনিবার ভোরে ট্যাংকারটি হরমুজ প্রণালির পূর্বদিকে একটি বিপজ্জনক ও নিষিদ্ধ এলাকায় চলাচল করছিল। এর আগে একাধিকবার সতর্ক করা হলেও জাহাজটি ওই এলাকা দিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় জাহাজটির ট্র্যাকিং ও শনাক্তকরণ ব্যবস্থা বন্ধ ছিল বলে দাবি করেছে ইরানের নৌবাহিনী।
ইরানের নৌবাহিনী জানায়, সমুদ্রের মাইনে আঘাত লাগার পর ট্যাংকারটিতে আগুন ধরে যায় এবং এটি চলাচলের সক্ষমতা হারায়।
বিবৃতিতে আরও বলা হয়, নিষিদ্ধ এলাকায় চলাচলকারী যেকোনো ট্যাংকার একই ধরনের বিপদের মুখে পড়তে পারে। সতর্কবার্তা উপেক্ষা করে জাহাজ পরিচালনার জন্য ট্যাংকার মালিকদের সমালোচনাও করেছে ইরানের নৌবাহিনী।
এদিকে, ট্যাংকারটির নাম, কোন দেশের পতাকাবাহী জাহাজ এবং এতে কতজন নাবিক ছিলেন, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি। হতাহতের ঘটনা কিংবা আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কেও কোনো তথ্য পাওয়া যায়নি।
কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে বিশ্বের বিপুল পরিমাণ জ্বালানি তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস পরিবহন করা হয়। ফলে এ অঞ্চলে সামরিক উত্তেজনা ও জাহাজ চলাচলে নিরাপত্তাঝুঁকি আন্তর্জাতিক জ্বালানি বাজার ও সমুদ্রপথের বাণিজ্যে প্রভাব ফেলতে পারে।
এর আগে শুক্রবারও হরমুজ প্রণালিতে দুটি তেলবাহী ট্যাংকার সমুদ্রের মাইনে আঘাত পেয়ে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের শিকার হয়েছে বলে দাবি করেছিল ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) নৌবাহিনী।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








