কুমিল্লার চৌদ্দগ্রামে মাদ্রাসাশিক্ষক মো. ওয়ালী উল্লাহ সোহাগের মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয় বাসিন্দারা।
শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে উপজেলার গুনবতী বাজারে এ কর্মসূচি পালন করা হয়।
‘সর্বস্তরের জনগণ’-এর ব্যানারে আয়োজিত মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, একই গ্রামের বশর ও নসর ষড়যন্ত্র করে সোহাগকে মামলায় জড়িয়ে গ্রেপ্তার করিয়েছেন। তারা এ ঘটনার নিন্দা জানিয়ে তার নিঃশর্ত মুক্তি দাবি করেন।
বক্তারা বলেন, একজন মাদ্রাসাশিক্ষককে এভাবে হয়রানি করা গ্রহণযোগ্য নয়। মামলাটির সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন এবং দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে।
তারা আরও বলেন, দ্রুত সোহাগের মুক্তি নিশ্চিত করা না হলে গুনবতীসহ আশপাশের এলাকায় বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। একই সঙ্গে মামলার বাদী, সাক্ষী ও নেপথ্যে ইন্ধনদাতাদের ভূমিকা তদন্তের আওতায় আনার দাবি জানান তাঁরা।
কর্মসূচিতে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। মানববন্ধন শেষে তারা একটি বিক্ষোভ মিছিল বের করেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








