রংপুরের গঙ্গাচড়ায় ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নাদিম মাহমুদ নৈতিক (১৮) নামের এক তরুণ নিহত হয়েছেন।
শনিবার (১৪ নভেম্বর) দুপুরে উপজেলার গঙ্গাচড়া ইউনিয়নের নবনীদাস গ্রামের যাত্রীছাউনির সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত নাদিম উপজেলার হাবু কুটিপাড়া গ্রামের মো. হৃদয়ের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নাদিম মোটরসাইকেলে বুড়িরহাট থেকে গঙ্গাচড়ার দিকে যাচ্ছিলেন। নবনীদাস এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাথা, মুখমণ্ডলসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত পান তিনি।
স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে রংপুরের ডক্টরস ক্লিনিকে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নাদিমের বন্ধু সজীব জানান, দুর্ঘটনার পর স্থানীয় লোকজনই তাকে হাসপাতালে নিয়ে যান।
দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে যান। দুর্ঘটনার পর সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
গঙ্গাচড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সবুর বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এ ঘটনায় কেউ অভিযোগ বা এজাহার দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








